• পাক মন্ত্রীর হুঁশিয়ারিই অস্ত্র, মোদিকে নিশানা মমতার
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি পাকিস্তানে কোনও সামরিক অভিযান চালায় তাহলে তার প্রভাব কলকাতা পর্যন্ত পৌঁছে যাবে।

    ইসলামাবাদের তরফে এই হুঁশিয়ারির পরেই এই নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন নদিয়ার বেথুয়াডহরিতে নির্বাচনী জনসভা থেকে এই প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো।

    এমনকী, রাজ্যে এসে বাংলাকে হুঁশিয়ারি দেওয়া নিয়ে কোনও মন্তব্য না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কলকাতাকে নিয়ে এমন হুমকির পরেও কেন প্রধানমন্ত্রী নীরব? তাঁর অভিযোগ, এই বিষয়ে কেন্দ্রের কোনও স্পষ্ট প্রতিক্রিয়া সামনে আসেনি।

    নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেন, ‘বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণের কথা বলেন, তখন প্রধানমন্ত্রী কেন বাংলায় এসে সে বিষয়ে একটি কথাও বললেন না?’

    তিনি আরও অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী কেন চুপ করে আছেন? তবে কি নির্বাচনের আগে আরও একটা পহেলগাঁওয়ের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে? এটা কি কেবলই লোক দেখানো ছলনা?’

    উল্লেখ্য, গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওই ঘটনার জেরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং পরবর্তী পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে দুই দেশের সম্পর্ককে।

    এই আবহেই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা আসিফ দাবি করেন, ভবিষ্যতে ভারত পাকিস্তানে হামলা চালালে তার প্রভাব কলকাতা পর্যন্ত পৌঁছে যাবে।

    তৃণমূল সুপ্রিমোর দাবি, দেশের সার্বভৌমত্ব এবং বাংলার নিরাপত্তা নিয়ে এমন হুমকির পরেও কেন্দ্রের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর কথায়, ‘ভারতীয় হিসেবে আমরা এই অপমান মেনে নেব না। রাজনৈতিক কারণে বাংলাকে নিশানা করা যেতে পারে, কিন্তু ভিনদেশের প্রতিরক্ষামন্ত্রী যখন এই ধরনের মন্তব্য করেন, তখন কেন্দ্র চুপ কেন?’
  • Link to this news (আজকাল)