রত্না চ্যাটার্জি-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর
আজকাল | ০৬ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে বেহালার পর্ণশ্রীতে উত্তেজনা। প্রচার পর্বেই হিংসার অভিযোগ উঠল বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চ্যাটার্জির বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা মনোজ হালদার। রত্না-সহ- মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে।
তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি ছাড়াও এফআইআর-এ নাম রয়েছে, বাপি নাগ ওরফে রাশিয়ান বাপী, অভিজিৎ মিত্র, মন্টি সিং, পুরান থাপা, ঝুম্পা দাস, এবং আকাশ থাপার।
অভিযুক্তদের মধ্যে রত্না চ্যাটার্জি ছাড়া বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১২৬(২), ৩২৪(৪), ১১৭(২), ৩০৩(২), ৫৪ এবং জন প্রতিনিধিত্ব আইন ১২৩(২)-এ মামলা রুজু হয়েছে।
কী অভিযোগ?ঘটনা গত রবিবারের (৫ এপ্রিল ২০২৬)। ওইদিন দুপুর দু'টো নাগাদ বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, পুলিশের সামনেই পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ভাংচুর করা হয় ল্যাপটপও। এই ঘটনার সিসিটিভি ফুটেজও হামলার বিষয়টি ধরা পড়েছে।
এছাড়াও বিজেপি কর্মী উপল দত্ত-কে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
ওই হামলার প্রতিবাদে পর্ণশ্রী থানায় পৌঁছন বিজেপি কর্মী, সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। চলে বিক্ষোভ। এই সময়েই তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি থানায় পৌঁছন। ফলে পর্ণশ্রী থানা চত্বর সরগরম হয়ে ওঠে।
রত্না চ্যাটার্জির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই বিজেপি এই অভিযোগ করেছে। ঘটনার সময়ে তিনি ছিলেন না।
গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Link to this news (আজকাল)