খেলা ঘুরিয়ে দিতে পারে 'M ফ্যাক্টর', হিসেব লুকিয়ে এই কলকাতার এই আসনগুলিতেও
আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে প্রায় সব দলেরই পাখির চোখ মুসলিম ভোট। হবে না-ই বা কেন! যে রাজ্যে প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটার, সেই রাজ্যে 'ইহায় আর আশ্চর্য কী!'। কলকাতাতেও মুসলিম ভোটার নিছক কম নয়। শহরের এমন কয়েকটি আসন রয়েছে, যেখানে সংখ্য়ালঘু ভোটব্যাঙ্কই বড় ফ্যাক্টর। কোন কেন্দ্রগুলির কথা বলা হচ্ছে?
একুশের ফলাফলের পর ছাব্বিশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তিত। আর এই রাজনৈতিক পট পরিবর্তনই এক একটি আসনের প্রতিদ্বন্দ্বিতার সমীকরণটাই বদলে দিতে পারে। এবার কলকাতার রাজনৈতিক কারবারিদের মধ্যে একটি শব্দই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, 'এম ফ্যাক্টর'। অর্থাৎ মুসলিম ভোটব্যাঙ্ক।
একুশের নির্বাচনে কলকাতার ১৭টি আসনের সবক'টিতেই তৃণমূল এগিয়ে ছিল। নির্বাচনী তথ্য থেকে এ-ও দেখা যায়, যেসব এলাকায় মুসলিম ভোটার বেশিষ সেখানে তৃণমূল অন্য যে কোনও দলের চেযে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে ছিল।
মেটিয়াবুরুজ, কলকাতা বন্দর এবং বালিগঞ্জের মতো আসনগুলিতে তৃণমূল প্রায় ৬৫-৭০ শতাংশ ভোট পেয়েছে। BJP বেশ কয়েকটি শহরে ২৫-৩৫ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা তীব্র রেখেছে।
ভবানীপুরে মুসলিম ভোটারদের প্রভাব?
ভবানীপুর আসনটি এবার কলকাতার অন্যতম চর্চিত আসন। সরাসরি প্রতিদ্বন্দ্বিতা মমতা এবং শুভেন্দুর মধ্যে। এছাড়াও ভোটে লড়ছেন CPIM-এর শ্রীজীব বিশ্বাস, কংগ্রেসের প্রদীপ প্রসাদ এবং হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির পুনম বেগম।
একুশে মমতা ৭১.৯০ শতাংশ ভোট পেয়ে BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে পরাজিত করেন ৮৫ হাজার ২৬৩ ভোটে। এখানে ৭৬ শতাংশ ভোটার হিন্দু, যাদের মধ্যে ৪২ শতাংশ বাঙালি এবং ৩৪ শতাংশ অবাঙালি। প্রায় ২৪ শতাংশ ভোটার মুসলিম।
কলকাতা বন্দর
কলকাতা বন্দর বিধানসভা আসনে প্রায় ৫১ শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম ধারাবাহিক ভাবে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন। একুশে পেয়েছিলেন ৬৯.২৩ শতাংশ ভোট। BJP পেয়েছিল ২৪.২৬ শতাংশ। ২০১৬ সালে ফিরহাদের 'মিনি পাকিস্তান' মন্তব্য ফের ছাব্বিশের নির্বাচনেও চর্চায় এসেছে।
বালিগঞ্জ
এই আসনে প্রায় ৫০ শতাংশই মুসলিম ভোটার। ২০১১ থেকে এই আসনে জয়ী হয় তৃণমূল। ছাব্বিশের নির্বাচন এই আসনে বহুমুখী। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। CPIM-এর বাজি আফরিন শিল্পী। BJP টিকিট দিয়েছে শতরূপাকে এবং কংগ্রেসের হয়ে লড়ছেন রোহন মিত্র।
হিন্দিভাষী মুসলিমদের গুরুত্ব
শহরের অনেক এলাকায় উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম পরিবার বসবাস করেয যাদের সামাজিক ও রাজনৈতিক অগ্রাধিকারগুলি স্থানীয় বাঙালি মুসলিম ভোটারদের থেকে কিছুটা ভিন্ন। এই ভোটাররা মেটিয়াবুরুজ, কলকাতা বন্দর, ভবানীপুরের মতো নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।