• ক্ষমতা হাতে রাখতে কী প্রয়োজন? বই হাতে ‘সাঙ্কেতিক বার্তা’ রাঘব চাড্ডার
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার। রাজ্যসভায় ডেপুটি দলনেতার পদ থেকে সরানোর পরে দলের শীর্ষনেতৃত্বর বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এ বার রাঘব চাড্ডার বার্তাবাহক একটি ছবি। বলা ভালো, বিশেষ একটি বই হাতে তাঁর ছবি।

    ছবির ক্যাপশন আরও অর্থবহ। সেখানে রাঘব চাড্ডা লিখছেন, ‘কেউ একজন এই সপ্তাহেই আমায় এই বইটি উপহার দিয়েছিলেন। মজা লাগছে যে, ঠিক সময়ে আমার হাতে এই বই এসেছে। প্রথম চ্যাপ্টার খুলেই দেখলাম, তাতে লেখা রয়েছে নিজের প্রভুকে কখনও ছাপিয়ে যেও না। কিছু বই ঠিক যখন দরকার তখনই হাতে আসে।’ দলকে কি সাঙ্কেতিক বার্তা দিলেন রাঘব চাড্ডা?

    আমেরিকান লেখক রবার্ট গ্রিনের (Robert Greene) লেখা ওই বইয়ের নাম ‘The 48 Laws of Power’।

    ১৯৯৮ সালে প্রথম এই বইটি প্রকাশিত হয়েছিল। প্রায় হাজার পাতার এই বই Self-Help Book-এই জঁর-এ পড়ে। নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলারের মুকুটও রয়েছে বইটির। শুধু আমেরিকাতেই ১.২ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

    জীবনে সফল হতে গেলে কোন ৪৮টি নীতি মেনে চলতেই হবে। সেটা নিয়েই আলোচনা রয়েছে এই বইতে।

    প্রথম চ্যাপ্টারের নাম Never Outshine the Master। বইটিতে লেখা রয়েছে, যাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁরা যে উপরেই থাকবেন এই বিষয়টি বার বার বোঝানো উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজের ট্যালেন্ট এমন ভাবেও দেখাতে নেই যাতে তিনি ইনসিকিওর হয়ে পড়েন। এমনই নানা বার্তা লেখা ওই চ্যাপ্টারে। ঠিক সেই চ্যাপ্টারটি উল্লেখ করেই আপ-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেই কি নিশানা করলেন রাঘব চাড্ডা?

    আপ-এর রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা সংসদে নানা সময়ে নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাস্থ্য বিমায় জিএসটি, বিমানবন্দরে খাবারের অস্বাভাবিক দাম, গিগ কর্মীদের সুরক্ষা এবং তাঁদের কাজের পরিবেশ-সহ নানা ইস্যুতে প্রশ্ন তুলেছিলেন এই সাংসদ। সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডাকে নিয়ে আলোচনা হয়েছে তার জন্য, বেড়েছে ফলোয়ারের সংখ্যাও। সম্প্রতি তাঁকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। দলের অভিযোগ, দলের খারাপ সময়ে তিনি দলের পাশে দাঁড়াননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাঘব কথা বলেন না বলে অভিযোগ তোলা হয়েছে। পাল্টা দলের বিরুদ্ধে তোপ দেগেছেন রাঘব চাড্ডাও। তাঁকে প্রশ্ন করতে দেওয়া হয়নি বলে সুর চড়িয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)