পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হচ্ছে মঙ্গলবার। কিন্তু এখনও পর্যন্ত জেলায় জেলায় একাধিক ভোটারের নাম তালিকায় ওঠেনি। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে প্রতিবাদও। সোমবার বসিরহাটের ধান্যকুড়িয়ায় এলাকায় বিক্ষোভ দেখান ডিলিটেড ভোটাররা।
জানা গিয়েছে, বসিরহাটের ধান্যকুড়িয়া এলাকার ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথে মোট ৬৭৯ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং টাকি রোড অবরোধ করেন। হঠাৎ করে এত সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের নথি ঠিকমতো যাচাই না করেই বাদ দেওয়া হয়েছে। বছরের পর বছর ভোট দিয়ে আসলেও হঠাৎ করেই তালিকা থেকে নাম উধাও হয়ে গিয়েছে।’ এ দিন বিক্ষোভের মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, প্রতিটি জেলায় আলাদা ট্রাইব্যুনাল গঠন করে নথি জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন জেলায় ট্রাইব্যুনালের বাইরে লম্বা লাইন দেখা যায় সোমবার সকাল থেকেই।