• ‘আমরা ১০ বছর আগে থেকে বলছি’, অশোকের কথা টেনে শিলিগুড়িতে রাম-বাম তত্ত্বের খোঁচা অভিষেকের
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • সপ্তাহ দুয়েক আগেই রাম-বাম ভোটতত্ত্ব নিয়ে বড় দাবি করেছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। বিগত তিনটি নির্বাচনে সিপিএমের ভোট গেরুয়া শিবিরে গিয়েছে বলে দাবি করেন তিনি। সেই বক্তব্যকে হাতিয়ার করেই সোমবার শিলিগুড়িতে প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমরা দশ বছর আগে যে কথা বলেছিলাম, সেই কথা এখন সিপিএম বলছে।’ বামেদের ভোটের বিরাট অংশ বিজেপির ভোটবাক্সে যাওয়াতেই শিলিগুড়ি আসন থেকে শঙ্কর ঘোষ বিধায়ক হয়েছেন বলে ইঙ্গিত দেন অভিষেক। ২০১৬ সালে সিপিএম, ২০২১ সালে বিজেপিকে জেতানোর পরে এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য শিলিগুড়ির মানুষকে আবেদন জানান অভিষেক। 

    গত মার্চ মাসে শিলিগুড়িতে বামেদের একটি কর্মসূচিতে বক্তব্য রাখে গিয়ে অশোক ভট্টাচার্য বলেছিলেন, ‘গত তিনটি নির্বাচনে তৃণমূলকে হারানোর নাম করে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন। এই ভুল আর করবেন না।’ সেই প্রসঙ্গ টেনেই অভিষেক এ দিন বলেন, ‘২০১৬ থেকে ২১ সাল পর্যন্ত অশোক ভট্টাচার্য ছিলেন এখানকার প্রতিনিধি। তাঁর বিলম্বিত বোধোদয়। তিনি বয়সে আমার থেকে অনেক বড়, তাঁর প্রতি শ্রদ্ধা রেখে বলি, তিনি বলেছেন আমাদের ভোটাররা তৃণমূলকে শিক্ষা দিতে বিজেপিকে ভোট দিয়েছেন। দশ বছর আগে যে কথা তৃণমূল বলত, সেই কথা অশোকবাবু তিন মাস আগে বলছেন।’

    বিধানসভা নির্বাচনের কয়েকমাস পরেই রাজ্যে একাধিক পুরসভায় পুরভোট রয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে শিলিগুড়ি পুরসভা এলাকায় অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস পুরভোট নিয়েও চিন্তাভাবনা করে রেখেছে, সেই ইঙ্গিতও মিলেছে অভিষেকের বক্তৃতায়। এ দিন অভিষেক বলেন, ‘তৃণমূলকে জেতান, গৌতম দেবকে জেতান, শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। আগামী দিন যখন পুরসভা নির্বাচন হবে, আমি পুরসভায় এমন প্রতিনিধি পাঠাবো, তিনি সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করবে, এটাই আমার প্রতিশ্রুতি।’

    উল্লেখ্য, ২০১১ সাল থেকে শিলিগুড়ি আসনের রং বদল হয়েছে প্রতিবারই। ১১ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী রুদ্রনাথ ভট্টাচার্য, পরের বার ২০১৬ সালে এই আসনে যেতেন ওষেক ভট্টাচার্য, গতবার এই আসনে সিপিএম ত্যাগী যুবনেতা শঙ্কর ঘোষ বিজেপির টিকিটে জিতে আসনে। এই বছর শঙ্কর ঘোষের বিপরীতে তৃণমূলের প্রার্থী গৌতম দেব। 

  • Link to this news (এই সময়)