ভোট বড় বালাই। ভোটের প্রচারে গিয়ে কি না কি করছেন প্রার্থীরা! ভোটের প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়িতে কখনও দাড়ি কামিয়ে দেওয়া, কখনও আনাজ কেটে দেওয়ার কাজ করতে দেখা গিয়েছে অনেক প্রার্থীকে। গৃহস্থের বাড়িতে ঢুকে মাংস রান্নায় হাত লাগিয়েছেন খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া। আর এ বার চপ ভাজলেন মেদিনীপুরের (Midnapore) বিজেপির প্রার্থী শঙ্কর গুছাইত।
সোমবার সকালে মেদিনীপুর শহরেরই রাঙামাটি এলাকায় প্রচারে গিয়েছিলেন শঙ্কর গুছাইত। তখনই তিনি ঢুকে পড়েন একটি তেলেভাজা দোকানে। সেখানেই দোকানদারের কাছে খুন্তি নিয়ে চপ ভাজতে শুরু করেন তিনি। বিজেপি (BJP) প্রার্থীর এই চপ ভাজার দৃশ্য দেখতে মুহূর্তে লোকজন জড়ো হয়ে যায়। গরম তেলে চপ ছেড়ে উল্টেপাল্টে ভাজছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেখে অবাক হয়ে যান তাঁরাও।
কিন্তু কেন দোকানে ঢুকে চপ ভাজতে শুরু করেন এই বিজেপি প্রার্থী? তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন বেকারদের চপ ভাজতে।রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, বেকারদের হাতে কাজ নেই। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে চপ ভেজেছি।’
উল্লেখ্য, এর আগে একাধিক জায়গায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে চা তৈরি করতে এবং চপ ভাজতে দেখা গিয়েছে। রাজ্যের বাসিন্দাদের আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার জন্য চা, চপ এবং ঘুগনি দোকান করে তা বিক্রি করার পরামর্শও দিয়েছেন তিনি।
অন্য দিকে, সোমবারই প্রচারে গিয়ে গরুর জন্য খড় কেটে দিয়েছেন চন্দ্রকোণার তৃণমূল (Trinmool Congress) প্রার্থী সূর্যকান্ত দোলই। এ দিন ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছিলেন তিনি। সেই সময়ে দেখেন এক ব্যক্তি বাড়ির উঠোনে বসে গরুর জন্য খড় কাটছিলেন। সূর্যকান্ত সেই ব্যক্তিকে সরিয়ে নিজেই বসে খড় কেটে দেন।