তুমুল ঝড়বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। দমকা হাওয়ার দাপটে কার্যত নুয়ে পড়ছে গাছ। ছাতা হাতে রাখতেও সমস্যা হচ্ছে পথচলতি মানুষদের। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। সঙ্গে লাগাতার বজ্রপাত। প্রবল বৃষ্টির জেরে সোমবার ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচও বন্ধ রাখতে হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই মতো সন্ধ্যে নামতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি ও বজ্রপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার রাত ৯টার পর থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ফলে আপাতত বলাই যায়, চৈত্রের তীব্র দহনজ্বালা এ দিনের মতো মুক্তি রাজ্যবাসীর।
তবে ইডেন গার্ডেন্সে IPL দেখতে আসা দর্শকদের আনন্দে ভাটা পড়ে গিয়েছে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামায় খেলা থামিয়ে মাঠ ঢেকে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলা শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চলতি মাসের প্রথমেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল। যার জেরে তীব্র গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল শহরবাসী। বজ্রপাতের কারণে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর ও প্রশাসনের তরফে। খোলা জায়গায় বা গাছের নীচে থাকতে না করা হয়েছে বজ্রপাতের সময়ে।