• রাতেই গোটা তালিকা প্রকাশ করতে পারবে কমিশন
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাতেই গোটা তালিকা প্রকাশ করতে পারবে কমিশন, জানাল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। আদালত জানিয়েছে, আজ রাতের মধ্যেই ৬০ লক্ষ নামের নিষ্পত্তি করতে হবে।

    এদিন এসআইআর মামলা নিয়ে শুনানি চলাকালীন ট্রাইব্যুনাল নিয়েও সিদ্ধান্ত পেশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাদ যাওয়া নামের ক্ষেত্রে বিচারকদের দেওয়া কারণগুলি খতিয়ে দেখতে পারবে ট্রাইব্যুনাল।

    তারপর তারা নিজেদের মতো সিদ্ধান্ত জানাতে পারবে। এদিন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ১৯টি আপিল ট্রাইবুনাল যেন একই প্রক্রিয়া অনুসরণ করে।

    তিনি আরও বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। তিনি জানান, এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে, যা ১৯টি ট্রাইবুনালকে একই ভাবে অনুসরণ করতে হবে।

    আদালত আশাবাদী, মঙ্গলবারের মধ্যেই এই প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যাতে দ্রুত আপিলগুলির নিষ্পত্তি করা যায়। তবে আপিল শুধুমাত্র কলকাতাতেই দাখিল হবে নাকি অন্য জায়গাতেও করা যাবে তার সিদ্ধান্ত তিন সদস্যের কমিটির ওপরেই ছেড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
  • Link to this news (আজকাল)