ট্রাইব্যুনালে পাশ করলেও ভোট দিতে পারবেন না ভোটাররা!
আজকাল | ০৭ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে। পুরোদমে কবে থেকে শুরু হবে তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারল না রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারেকর দপ্তর। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল সোমবার জানিয়েছেন, ট্রাইব্যুনালে নাম পুনরুদ্ধার হলেও এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে, ট্রাইব্যুনালের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। ইতিমধ্যেই ৩-৪ জনের নাম পুনরায় তালিকায় তোলা হয়েছে। যার মধ্যে রয়েছেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী। তবে জনসাধারণের জন্য ট্রাইব্যুনালে প্রক্রিয়া দু-একদিনের মধ্যেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকাঠামগত কাজ এর মধ্যে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের আবেদন অনলাইন বা অফলাইনে জমা পড়ছে। সেই সংখ্যাটি কত তা এখনও স্পষ্ট করে জানায়নি কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত বসার মত জায়গা হয়েছে ছ’জনের, বাকি ১৩ জনের হয়নি। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে ‘এসওপি’ এলে ও সফটওয়্যারের সমস্যা মিটলেই কাজ শুরু হবে।”
মনোজ এও জানিয়েছেন, বিবেচনাধীনের তালিকা থেকে বাতিল হয়ে যাওয়ার ভোটারদের নাম ট্রাইব্যুনালে আবেদন জানালে বা নাম পুনরুদ্ধার হলেও তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেম।
পর্ণশ্রীর ঘটনায় কমিশন জানিয়েছে, বেহালার পর্ণশ্রীর বিজেপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় এফআইআর করা হয়েছে। সেই এফআইআরে নাম রয়েছে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। তবে তাঁর গ্রেপ্তারি বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মনোজ। তিনি বলেন, “এটা সম্পূর্ণ পুলিশের ব্যাপার। কাকে গ্রেপ্তার করা হবে, আর কাকে গ্রেপ্তার করা হবে না, সে বিষয়ে সম্পূর্ণটাই পুলিশ সিদ্ধান্ত নেবে। এখানে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা নেই।” কমিশন জানিয়েছে, তৃণমূল প্রার্থীর মনোনয়ন কোনও অবস্থাতেই বাতিল হবে না। কারণ, এখনও সবটাই অভিযোগ। তাঁর বিরুদ্ধে কোনও কিছু প্রমাণিত হয়নি।