আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল করেছে। বিজেপি করেছে। এবার কংগ্রেসও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল। নির্বাচনের প্রাক্কালে হাত শিবিরের হয়ে বাংলায় প্রচার করবেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা এছাড়া তালিকায় আছেন কেসি বেনুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী, শুভঙ্কর সরকার, অশোক গেহলট, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর রঞ্জন চৌধুরি, শশী থারুর, শচীন পাইলট, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরি, সুদীপ রায় বর্মন, কানহাইয়া কুমার, মহম্মদ আজহারউদ্দিন সহ বাকিরা। মোট ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে হাত শিবির।
এদিকে, নির্বাচনী প্রচারে বার হয়ে গত দু’দিন বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের প্রবল বিক্ষোভের সম্মুখীন হয়েছেন অধীর চৌধুরী। তবে এরই মাঝে নিজের দলের কর্মী সমর্থকদেরকে 'চাঙ্গা' করতে গিয়ে অধীর চৌধুরী প্রকাশ্য নির্বাচনী সভায় বিতর্কিত মন্তব্য করলেন।
শনিবার রাতে বহরমপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মাছমারা এলাকায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন," বহু মস্তানকে রিপেয়ার করে ,সাইজ করে বড় হয়েছে অধীর চৌধুরী। আমরা এমনি এমনি অধীর চৌধুরী হয়ে যায়নি। বহরমপুর শহর এবং মুর্শিদাবাদ জেলায় বহু মস্তান দেখেছি। তাদেরকে রিপেয়ার করে সাইজ করে বড় হয়েছি। নির্বাচনের পর আবার রিপেয়ার করা শুরু হবে।"
নির্বাচনী এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন,"বহরমপুর শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত রাখতে হবে। এটা পুরসভার নির্বাচন নয় যে পুলিশ তৃণমূল নেতাদের ইচ্ছামতো চলবে। আমি নির্বাচন কমিশনকে 'হুক' দিয়েছি। তাই পুলিশ এখন আমার পেছনে দৌড়াচ্ছে। এলাকার মানুষ মনে রাখবেন আমাদেরকে ভয় পেলে চলবে না।"