বিপুল অঙ্কের ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন হাওড়ার বাসিন্দা এক প্রৌঢ়। প্রতারকদের পাল্লায় পড়ে কয়েক ঘণ্টায় ১৫ লক্ষ টাকা খুইয়েছেন তিনি। প্রতারিত ব্যক্তি আশিস কুমার কোলে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছিল তাঁর অ্যাকাউন্ট, সেটাই টার্গেট করেছিল প্রতারকেরা।
৪ এপ্রিল ফেসবুকে একটি লিঙ্ক দেখতে পান আশিসবাবু। বিজ্ঞাপনের মতো দেখতে ওই পোস্টটি যে ব্যাঙ্কের অ্যাপ নিয়ে বিজ্ঞাপন দিয়েছিল, সেই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট রয়েছে আশিসবাবুর। অভিযোগ অনুযায়ী, ওই ব্যাঙ্কের নতুন অ্যাপ ব্যবহার করা যায় কী ভাবে, সেটাই লেখা ছিল বিজ্ঞাপনে।
আশিসবাবু ওই লিঙ্কে ক্লিক করেন। তার পরেই একটি অটোমেটিক ডায়াল হয়ে যায় তাঁর ফোন থেকে। উল্টোদিকে এক জন ফোন তোলেন। তিনি একটি অ্যাপ ইনস্টল করতে বলেছিলেন। তারপরেই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক আসে আশিসবাবুর কাছে। সেখানে .apk ফাইল ছিল। ওই লিঙ্ক ক্লিক করে অ্যাপ ইনস্টল করার পরে তাতে অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেন আশিসবাবু। অভিযোগ, অ্যাপটি একেবারে হুবহু তাঁর ব্যাঙ্কের অ্যাপের মতোই দেখতে। অভিযোগ, তার পরে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় তাঁকে। তার মধ্যেই পরপর মেসেজ আসতে থাকে তাঁর ফোনে। সেখানে দেখা যায় ধাপে ধাপে ১৫ লক্ষ টাকা (তাঁর সেভিংস অ্যাকাউন্টে এই অঙ্কই ছিল) কেটে নেওয়া হয়েছে। RTGS-এর মাধ্যমে টাকা নেওয়া হয়েছে। এমনকী এটিএম থেকেও টাকা তোলা হয়েছে।
এর পরে আশিস কুমার কোলে সব তথ্য এবং ট্রান্সজ়াকশনের নথি নিয়ে হাওড়া সাইবার থানায় অভিযোগ করেন। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত পুলিশ সাহায্য করছে। টাকা ফেরত পাব কী ভাবে, সেই চিন্তা রয়েছে এখন।’