পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন (Air India CEO Campbell Wilson resigns)। গত সপ্তাহের বোর্ড মিটিংয়েই তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছিল। সোমবার রাতে সেই খবরই আনুষ্ঠানিক ভাবে জানাল এয়ার ইন্ডিয়া (Air India)। তবে আপাতত পরবর্তী CEO দায়িত্ব না নেওয়া পর্যন্ত ক্যাম্পবেলই কাজ চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।
২০২২-এর সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়ার CEO হিসেবে যোগ দিয়েছিলেন ক্যাম্পবেল উইলসন। আগামী বছরের (২০২৭ সাল) সেপ্টেম্বরে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ক্যাম্পবেল কেন পদত্যাগ করলেন, তা এখনও জানা যায়নি। গত কয়েক বছর ধরেই রেকর্ড লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া। ২০২৬ অর্থবর্ষে সেই অঙ্কটা ২০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে বলে খবর। এর মধ্যে CEO-র পদত্যাগ বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আর থাকতে চান না বলে আগেই জানিয়েছিলেন ক্যাম্পবেল। তাই চলতি বছরের জানুযারি থেকেই নতুন CEO-এর খোঁজ চালাচ্ছে এয়ারলাইনস সংস্থা। আপাতত বেশ কয়েকটি নাম নিয়ে ঝাড়াই বাছাই চলছে। আগামী সপ্তাহে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আকাশপথে বিধিনিষেধ রয়েছে। ফলে সমস্যায় পড়েছে কমবেশি সব এয়ারলাইনস সংস্থাই। ঘুরপথে ওড়ার কারণে খরচ বেড়েছে। মাঝপথে জ্বালানি ভরারও প্রয়োজন হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক রুটে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বেশিরভাগ বিমান আন্তর্জাতিক রুটেই চলাচল করে।
এর সঙ্গে যুক্ত হয়েছে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিভীষিকা। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি কলেজের হস্টেলে আছড়ে পড়েছিল AI 171 বোয়িং বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৪১ জন। সূত্রের খবর, ১২ জুনের মধ্যে সেই ঘটনার চূড়ান্ত রিপোর্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার পরেই নতুন CEO নিয়োগ করা হতে পারে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পরিষেবা বিভ্রাটের তিন মাস পরে মার্চে আচমকা পদত্যাগ করেছিলেন ইন্ডিগোর CEO পিটার এলবার্সও।