• নাম না-করেই বিদায়ী বিধায়ককে তোপ মমতার
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • এই সময়, কালনা: নির্বাচনী জনসভা থেকে দলেরই বিদায়ী বিধায়ককে তীব্র বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নিমতলা ফুটবল ময়দানে সভা করতে এসে তিনি নাম না-করেই পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, 'কেউ কাজ করবে না, অথচ সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে- এটা চলতে পারে না।'

    তিনি স্পষ্ট করে জানান, তৃণমূল প্রার্থী হওয়ার একমাত্র যোগ্যতা হলো মানুষের পাশে দাঁড়ানো এবং কাজ করা। পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামীকে সামনে এনে তিনি বলেন, 'ও ক্ষিতিদার (বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামী) মেয়ে, বহুদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে। মানুষের পাশে থাকে, রাস্তায়-স্কুটারে ঘুরে কাজ করে। সেই কারণেই ওকে প্রার্থী করা হয়েছে। যদি আগের জন ঠিকমতো কাজ করতেন, তা হলে নতুন কাউকে আনতে হতো না।'

    এই সভাতেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন আম জনতা উন্নয়ন পার্টির পূর্ব বর্ধমান জেলার সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়-সহ ২০০ জন কর্মী-সমর্থক। পঙ্কজ জানান, পূর্বস্থলী উত্তরের বিদায়ী বিধায়কের সঙ্গে মতবিরোধের কারণেই তিনি দল ছেড়েছিলেন, তবে এ দিন ফের পুরোনো দলে ফিরে এলেন।

    উন্নয়ন প্রসঙ্গেও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কালনা ও শান্তিপরের মধ্যে ১১০০ কোটি টাকার সেতু নির্মাণের কাজ চলছে, যা সম্পূর্ণ হলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় কমে দাঁড়াবে মাত্র ১৫ মিনিট। কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, 'আলু চাষিদের কোনও চিন্তার কারণ নেই। যাঁদের ফসল নষ্ট হয়েছে, সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে এবং প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন আলু কেনা হচ্ছে।'

    সভা থেকে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, তাঁর হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানো হয়েছিল, যা বড় বিপদের কারণ হতে পারত। এই ঘটনায় বিহারের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, 'আমাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু যতদিন বাঁচব, আমার মুখ বন্ধ করা যাবে না।'

    এ দিন তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। দাবি করেন, 'দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এনে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।' এমনকী কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহার করে টাকা আনার অভিযোগও তোলেন তিনি।

    এ দিন বেলা দেড়টা নাগাদ সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ, কালনার প্রার্থী দেবপ্রসাদ বাগ, পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামী, মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী, নবদ্বীপের প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা, মেমারির প্রার্থী রাসবিহারী হালদার এবং কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)