• প্রবল ঝড়ের দাপট, সঙ্গে বজ্রপাত, মঙ্গলেও বৃষ্টিতে ভিজবে রাজ্য?
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই রবিবার সন্ধের সামান্য বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন অঞ্চল। সোমবারও সন্ধে সাড়ে আটটার পরে বৃষ্টি শুরু হয়। প্রথমে হালকা বৃষ্টি। পরে বৃষ্টির তেজ বাড়ে। সঙ্গে দাপট ছিল ঝোড়ো বাতাস আর বজ্রপাতেরও। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, এ দিন শহরে ঝড়ের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার রাতে আলিপুরে মোট ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আবহাওয়ার এই স্পেলই আগামী কয়েকদিন বজায় থাকতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ, মঙ্গলবার বিকেলের পরে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও একইরকম থাকবে আবহাওয়া। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়।

    লাগাতার ঝড়বৃষ্টির দাপটে লাগামছাড়া গরম থেকে কিছুটা নিস্তার মিলেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা মরশুমের স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ হওয়ায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও বেশি।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তুমুল ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে।

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চললেও ওই দিন বিকেলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার ও রবিবার আকাশ পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রাও।

    মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

  • Link to this news (এই সময়)