• অমৃত ভারতের নতুন কোচ দেখলেন মন্ত্রী
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি নিউদিল্লি রেলওয়ে স্টেশনে অমৃত ভারত ট্রেনের নতুন কোচ পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, রেল যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও এতদিন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ছিল সম্পূর্ণ নন-এসি। উদ্বোধনের সময় রেলের যুক্তি ছিল, কম খরচে যাতে বিশেষত প্রান্তিক স্তরের মানুষরা তুলনায় উচ্চমানের ট্রেন পরিষেবা পেতে পারে। কিন্তু অমৃত ভারত ট্রেন যদি নন-এসি থেকে এসি কোচে রূপান্তরিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই এর যাত্রী ভাড়ার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে কি আর প্রান্তিক স্তরের সাধারণ রেল যাত্রীরা এই ট্রেনের পরিষেবা নিতে পারবেন? অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে রেল বোর্ড। রেলমন্ত্রক জানিয়েছে, ‘নেক্সট জেনারেশন’ অমৃত ভারত ট্রেনের ‘ফ্লোরিং’ থেকে ‘সিটিং অ্যারেঞ্জমেন্ট’ - সবকিছুতেই আমূল পরিবর্তন করা হয়েছে। আসনের গদি এবার আরও নরম করা হয়েছে। জানালায় এবং বিভিন্ন কুপে লাগানো হয়েছে পর্দাও। এরই পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েও বিশেষ পদক্ষেপ করা হয়েছে। এমনই জানিয়েছে রেল বোর্ড।
  • Link to this news (বর্তমান)