চণ্ডিগড়, ৭ এপ্রিল: নেশার তাড়নায় প্রান হারিয়েছে বৃদ্ধার ৪ ছেলে। আরও এক ছেলে আশঙ্কাজনক অবস্থায় শয্যাশায়ী। পাঞ্জাবের কাপুরথলা জেলার সুলতানপুর লোধি থানার কাছাকাছি পাণ্ডোরি মহল্লা থেকে এমনই এক হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে। শুধু তাই নয় এলাকার একাধিক যুবক এই নেশার শিকার। তবুও প্রশাসনের চোখের আড়ালে চলছে দেদার মাদক বিক্রি।
ওই বৃদ্ধা মা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও তার এই হতভাগ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি পাঁচ ছেলের মা। নেশা আমার চারজন ছেলেকে কেড়ে নিয়েছে, আর একজন বর্তমানে বিছানায় পড়ে আছে। ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন’। এই মর্মান্তিক ঘটনা এলাকাজুড়ে সবার মাঝে উদ্বেগের সৃষ্টি করছে সঙ্গে ক্ষোভও বাড়িয়ে তুলেছে। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিভিন্ন ধরনের মাদক এলাকায় প্রকাশ্যে বিক্রি হয়। মনকি সুলতানপুর লোধি থানার কাছেই পুলিশের হাতের নাগালেই চলে নেশা দ্রব্যের কারবারি। তাঁদের দাবি, মুখ ঢেকে পাচারকারীরা বিনা ভয়েই মোটরসাইকেলে এসে দ্রুত মাদক সরবরাহ করে পালিয়ে যায়। স্থানীয়দের মতে, এই সমস্যা শুধু একটি পরিবারের নয়। পাড়ার বহু মহিলা জানিয়েছেন, কেউ দুই, কেউ তিন ছেলেকে হারিয়েছেন নেশার কারণে। অনেক পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্যও মাদকাসক্ত হয়ে পড়েছেন, যার ফলে গোটা পরিবার ডুবে গেছে।
প্রশাসনের চোখের আড়ালে কীভাবে এই মাদক সরবারহ চলছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকার মহিলারা রাজ্য সরকারের মাদকের বিরোধী অভিযান ঘোষণা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, বাস্তবে এই অভিযানের খুব কমই প্রভাব দেখা যাচ্ছে।