কালিয়াগঞ্জে এক দশক পর সিপিএমের প্রতীকে ভোট দেওয়া নিয়ে উত্সাহ
বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: জোটের কারণে গত ১০ বছর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি সিপিএম। এবার নিজস্ব প্রতীকে লড়াই করার সুযোগ এসেছে সিপিএমের। এই সুযোগ মিলতেই জোর প্রচারে নেমেছেন কালিয়াগঞ্জের এবারের সিপিএম প্রার্থী হীরু রায় সরকার। ময়দানে নেমেছে সিপিএম নেতৃত্বও।
বাম নেতৃত্বের দাবি, বুথে বুথে প্রচার চলছে। প্রার্থীও এলাকায় গিয়ে ভোট প্রচার করছেন। সোমবার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন হীরু। তাঁর দাবি, মানুষের দাবি নিয়ে লড়াই করছি। দুই ফুলে রাজ্যের মানুষ বিরক্ত। এবার মানুষ সিপিএমকে ভোট দেবে। কালিয়াগঞ্জ আসনেও আমরা জিতব। ২০১১ সালে কালিয়াগঞ্জে শেষবার প্রার্থী দিয়েছিল সিপিএম। সেসময় তারা দ্বিতীয় স্থানে ছিল। এরপর জোটের জন্য এখানে সিপিএম নিজস্ব প্রতীকে লড়াই করতে পারেনি। বাম নেতৃত্বের দাবি, এর ফলে তাদের ভোট অন্যদলে গিয়েছিল। সিপিএমের উত্তর এরিয়া কমিটির সদস্য ঐশানি বাগচি বলেন, আমরা এবার দলীয় প্রার্থী দিয়েছি। এতে দলের কর্মী সমর্থকদের উৎসাহ রয়েছে। বহু বছর পর আমরা নিজের দলের প্রতীকে ভোট দেব। কালিয়াগঞ্জ এরিয়া কমিটির সদস্য অয়ন দত্ত বলেন, এক সময় কালিয়াগঞ্জ বামেদের শক্ত ঘাঁটি ছিল। দলীয় সিম্বল না পেয়ে আমাদের ভোটব্যাংক নষ্ট হয়েছিল। এবার কর্মী সমর্থকরা উজ্জীবিত। গত বিধানসভা ভোটে জোট হলেও এবার বাম ও কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছে। কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত বলেন, আমরা প্রার্থী দিয়েছি। বামেরাও দিয়েছে। এবার লড়াই আলাদা আলাদা হবে। কালিয়াগঞ্জে ভোট প্রচারে সিপিএম প্রার্থী হীরু রায় সরকার।