বিজেপি বিভাজনের রাজনীতি করে, জনসভায় এসে কড়া আক্রমণ দেবের
বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
কাজল মণ্ডল, ইসলামপুর: ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে। ডালখোলায় তৃণমূল প্রার্থীর সমর্থনে এসে কড়া ভাষাতেই বিজেপিকে বিঁধলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁর সাফ কথা, একটা দল বিভাজনের রাজনীতি করে। আর তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে। তাই ডালখোলাবাসীর কাছে বুঝে-শুনে ইভিএমের বোতাম টেপার আবেদন করেন তৃণমূলের তারকা প্রচারক।
দেব কখনই আর পাঁচজন নেতার মতো বক্তব্য রাখেন না। রাজনৈতিক বিশেজ্ঞরা বলেন, দেবের ভাষণ অনেকটাই ‘পেলব’। এদিন জনসভাতেও খানিকটা ‘অ-নেতাসুলভ’ ভাবেই বলেন, কারও কাছে ভোট চাই না। কারণ ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার। যাকে ইচ্ছে ভোট দিতে পারেন। এখানে এসেছি গৌতমদার জন্য আশীর্বাদ ও দোয়া চাইতে।
ইসলামপুরের কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির গৌতম পাল, চাকুলিয়ার মিনহাজুল আরফিন আজাদের সমর্থনে প্রচারে এসেছিলেন সাংসদ দেব। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন বুঝেশুনে ইভিএমে বোতাম টেপার কথাও। বললেন, ভোট দেওয়ার আগে আপনাদের ভাবতে হবে কোন দল, সরকার আপনাদের পাশে ছিল এবং আগামীতে থাকবে। যে সরকার কাজ করবে, তারই জেতা উচিত।
এরপরেই কথার ঝাঁঝ বাড়ে ঘাটালের সাংসদের। বিজেপির নাম না নিলেও এদিন তাদের বিভাজনের রাজনীতি নিয়ে সরব হন দেব। বলেন, আপনারা কোন দলকে সমর্থন করবেন? যারা ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতির করে তাদের, নাকি যারা মানুষকে ভাল রাখার জন্য হাসপাতাল, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করে? সিদ্ধান্ত নেওয়ার ভার জনতার উপরেই ছেড়ে দিয়েছেন তারকা প্রচারক। বলেছেন, ২৩ তারিখে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমাদের দল, দলনেত্রী, প্রার্থী যোগ্য, তবে বিপুল ভোটে জেতাবেন।
দেবকে দেখতে এদিন আকুল হয়েছিলেন ইসলামপুরের বাসিন্দারা। অপেক্ষা করছিলেন তাঁর রোড শোয়ের। কিন্তু ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। সকাল ১১ টায় কলেজ মোড় থেকে মিলনপল্লি পর্যন্ত প্রায় তিন কিমি রোড শো করার কথা ছিল দেবের। স্টেট ফার্ম কলোনির মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছিল। নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রচুর মানুষ কলোনির মাঠ ঘিরে অপেক্ষা করছিলেন প্রিয় অভিনেতাকে দেখার জন্য। দীর্ঘ প্রতিক্ষার পর দেবকে দেখে শুভেচ্ছা জানাতে হুমড়ি খেয়ে পড়ে ভিড়। আশ্রমপাড়া পর্যন্ত প্রায় এক কিমি কোনোক্রমে রোড শো হয়। এরপর আর সাংসদের গাড়ি এগতেই পারছিল না। তখন অন্য একটি গাড়িতে বসে চলে যান দেব।
কানাইয়া বলেন, ইসলামপুরের বুকে এমন জনসমাগম আগে দেখিনি। এতবেশি মানুষ জমায়েত হয়েছিল যে ভিড় সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। আমাদের গাড়ি এগতে পারছিল না। আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল বলে রোড শো শেষ করা করা সম্ভব হয়নি।
চাকুলিয়ার প্রার্থীর সমর্থনে কানকিতে রোড শো করার কথা ছিল দেবের। কিন্তু সেখানে এক জায়গায় দাঁড়িয়ে ভক্ত, নেতা, কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন তিনি।
কানকি থেকে ডালখোলা হাইস্কুল মাঠে জনসভায় করণদিঘির প্রার্থী গৌতম পালের সমর্থনে বক্তব্য রাখেন দেব। ইসলামপুর থেকে সড়ক পথে যাওয়ার সময় গাড়িতে বসেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, প্রচুর মানুষ ভালবাসা নিয়ে এসেছিলেন আমাকে দেখার জন্য। কিন্তু তাঁদের কাছে পৌঁছতে পারলাম না। আরও একটি জায়গায় যেতে হবে। আমি দুঃখিত, ক্ষমা চাইছি। কথা দিচ্ছি, কানাইয়াবাবু জেতার পর আবার আসব বিজয় মিছিল করার জন্য।