উৎসবের মেজাজে তৃণমূলের তিন প্রার্থীর মনোনয়ন, মিছিলে ভিড় দেখে জয়ের আশা
বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ণাঢ্য শোভাযাত্রা করে আরামবাগ মহকুমার তিন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার আরামবাগে মহকুমা শাসকের অফিসে এসে তৃণমূলের গোঘাটের প্রার্থী নির্মল মাজি, আরামবাগের মিতা বাগ ও খানাকুলের পলাশ রায় মনোনয়নপত্র পেশ করেন। তার আগে আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে তৃণমূল মিছিল করে। নীল-সাদা বেলুনের সারি, মহিলা ঢাকি ও সাউন্ড বক্স নিয়ে উৎসবের মেজাজে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিন সকালে বাসুদেবপুর মোড় এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত করেন। অন্যদিকে, খানাকুলে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে স্থানীয় ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী পলাশ রায় ও কর্মীরা জড়ো হন। সেখান থেকে বাইক র্যালি করে তাঁরা আরামবাগে এসে মিছিলে যোগ দেন। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি রেজিস্ট্রি অফিস মোড়ে পার্টি অফিস থেকে হুডখোলা গাড়িতে চেপে আরামবাগে আসেন। কর্মীরা বাইক র্যালি করেন। এরপর পল্লিশ্রী এলাকা থেকে হেঁটেই গোঘাটের তৃণমূল কর্মীরা এসডিও অফিস চত্বরে যান।
এদিন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ হেঁটে জনসংযোগ করতে করতে মনোনয়ন জমা দিতে যান। বাসস্ট্যান্ড হয়ে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। খানাকুলের প্রার্থী পলাশবাবু কপালে তিলক এঁকে হুডখোলা জিপে শহর পরিক্রমা করেন। মনোনয়নপর্বে তৃণমূলের নেতাদের মধ্যে ঐক্যের ছবিও দেখা যায়। নমিনেশনে সাহায্য করতে আরামবাগের সাংসদ মিতালি বাগ, পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, দলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ অন্যরা উপস্থিত হন। গোঘাট এবং খানাকুলেও দলের প্রবীণদের পাশাপাশি নতুন কর্মীদের দেখা গিয়েছে।
স্বপনবাবু বলেন, এদিন মনোনয়ন পর্বের মিছিলে মানুষের ভিড় জয়েরই ইঙ্গিত দিচ্ছে। আরামবাগ মহকুমার চারটি আসনই এবার আমরা পুনরুদ্ধার করব। কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে যোগ দিয়েছিলেন।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা পালটা বলেন, তৃণমূল টাকা ছড়িয়ে মিছিলে লোক আনে। কিন্তু আমরা শুধু ঘোষণা করলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন। এখানে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা।
এদিন পুরশুড়ার কংগ্রেস প্রার্থী শেখ হবিবর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। খানাকুলে নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন দেন নন্দনপুরের বাসিন্দা বিকাশচন্দ্র দলুই। সবমিলিয়ে, এদিন পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।