নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাক্ষেত্রে কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের কাজ শুরু করেছে বিকাশ ভবন। সূত্রের খবর, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে। ডিএ কত প্রাপ্য, সেই হিসাবও শুরু হয়েছে। এদিনই বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকদের তথ্যও চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি এবং ১ মার্চ থেকে ৩১ মার্চ সংশ্লিষ্ট শিক্ষক, আধিকারিক এবং কর্মীরা কে কোন পদে ছিলেন, কত ব্যান্ড পে, অ্যাকাডেমিক ব্যান্ড পে, ডিএ পেতেন, তার হিসাব চাওয়া হয়েছে। সূত্রের খবর, এই সংক্রান্ত গণনার কাজ শেষ হলেই ম্যাচিং অর্ডার জারি করে বকেয়া ডিএ প্রদানের ব্যবস্থা হবে। বকেয়া ডিএ সময়মতো পাওয়া নিয়ে আধা সরকারি কর্মী, আধিকারিক তথা শিক্ষকরা কিছুটা অনিশ্চয়তায় ভুগছিলেন। তবে, এবার তাঁদের অনিশ্চয়তা কাটবে বলেই দাবি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।