• ঝড়বৃষ্টি হবে আজকেও মাত্রা আরও বাড়বে কাল
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে। সন্ধ্যার পর বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা বাড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সন্ধ্যায় জানান, রাতের দিকে কলকাতা ও লাগোয়া এলাকায় বজ্রগর্ভ মেঘ চলে আসতে পারে। আজ মঙ্গলবারও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হবে। তবে ঝড়বৃষ্টির মাত্রা আরো বাড়বে আগামীকাল বুধবার। ওইদিন দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদহের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৬০-৮০ কিমি পর্যন্ত উঠতে পারে। কলকাতায় এবং বিভিন্ন জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির মাত্রা কমবে। এটা আরো কমে যাবে শুক্রবার থেকে। মঙ্গলবার ও বুধবার উপকূলে ঝোড়ো হাওয়া বেশি থাকার জন্য রাজ্যের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 

    সোমবার বিকেলে প্রথমে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ও পরে পুরুলিয়ায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়। পরবর্তীকালে ‘লাল’ সতর্কতা জারি হয় পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার জন্য। দুই বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে সন্ধ্যায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়।  আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা ও লাগোয়া এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ হয়ে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। 

     
  • Link to this news (বর্তমান)