• প্রাইভেট টিউশনে যুক্ত সরকারি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ: রাজ্যের হলফনামা তলব কোর্টের
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাইভেট টিউশনে যুক্ত সরকারি স্কুলের স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্যের কাছে। প্রসঙ্গত, সরকারি শিক্ষকদের টিউশনে নিষেধাজ্ঞা এবং শাস্তির হুঁশিয়ারি দিয়ে অর্ডার হয়েছিল ২০১৮ সালে। তবে, আট বছর পেরিয়ে গেলেও শাস্তিমূলক ব্যবস্থার কোনো রিপোর্ট সরকারের হাতে নেই। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স অ্যাসোসিয়েশন একটি জনস্বার্থ মামলা করেছিল। তারই শুনানি ছিল এদিন। তাদের তরফে আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, ‘সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী টিউশনে নিযুক্ত সরকারি, আধা সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাকারী সংগঠনের তরফে সরকারের হাতে সংশ্লিষ্ট শিক্ষকদের নামের তালিকা একাধিকবার প্রকাশ করা হয়েছে। তবে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

    প্রধান বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর কাছেও ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট চান। তবে, তিনি সেই রিপোর্ট দিতে পারেননি। এরপরে নির্দেশ দেন, হলফনামা আকারে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেবে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ। টিউশনে নিযুক্ত শিক্ষকদের নাম একাধিকবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে বেশকিছু জেলার ডিআই অফিস। তাতে হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয় বলেই দাবি এক শিক্ষকের।
  • Link to this news (বর্তমান)