সংবাদদাতা, বসিরহাট: ভোটের আগে তৃণমূলে ফিরলেন ফিরোজ কামাল গাজি (বাবু মাস্টার)। ঘাসফুল শিবিরে তাঁর যোগদানের খবর শুনে তৃণমূল কর্মীরা আনন্দে ফেটে পড়েন। হাসনাবাদ ও ভবানীপুরে রং খেলা ও মিষ্টিমুখ শুরু হয় কর্মীদের মধ্যে। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা বাবু মাস্টার। পরবর্তীকালে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেও দীর্ঘদিন বাড়িতেই বসেছিলেন। তবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাঁকে সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে। ভবানীপুর স্কুলে নিয়মিত ক্লাসও নেন তিনি। অবশেষে কর্মীদের অনুরোধে পুরানো দল সোমবার সন্ধ্যায় তৃণমূলে যোগদান করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের জেলা সভাপতি সহ তৃণমূলের বহু নেতা।
এ বিষয়ে হিঙ্গলগঞ্জের জমাদার পাড়ার বাসিন্দা ও তৃণমূল কর্মী সিদ্দিক জমাদার বলেন, এক সময় ভবানীপুরে বহু উন্নয়নমূলক কাজ করেছেন বাবু মাস্টার। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে সরে থাকায় এলাকায় উন্নয়নের কাজ থমকে গিয়েছিল। এখন তিনি ফিরে আসায় তৃণমূলের কর্মী-সমর্থকরা খুশি। আমরা চাই, তিনি আগের মতোই ফের উন্নয়নের কাজে শামিল হন। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, তিনি একজন লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকায় বহু কাজ করেছেন। একটা সময় অভিমানে দল ছেড়েছিলেন, কিন্তু দলের বিরুদ্ধে কখনও কোনো মন্তব্য করেননি। বরং এলাকায় সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাবু মাস্টার বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। বহু মানুষ আমাকে ভালোবাসেন। দীর্ঘদিন রাজনৈতিক থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে আমার যোগাযোগ কমেনি। তাই এলাকার উন্নয়ন এবং দিদির হাত মজবুত করতে ও এলাকায় সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে কর্মী হিসাবে এলাকার মানুষের পাশে থাকব। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে সকলে পান, সেদিকে নজর দেব।