নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষকে বললেন, ‘এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখা জরুরি। এর জন্য ডাবের জল হচ্ছে সহজ সমাধান।’ বিজেপির প্রার্থী শুনে বললেন, ‘গরমে ডাব খাওয়া তো ভালো। তবে তৃণমূলের সব পরামর্শ মানা যাবে না।’
রাজনীতির ময়দানে তৃণমূল ও বিজেপি জোরকদমে লড়ছে। ভোটের সময় সংঘাত ও আক্রমণ চলছে। এই উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে বারাসতে উপদেশমূলক ছবি। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। বারাসত সাংগঠনিক জেলার একাধিক কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন মনোনয়ন জমা দেন। বিজেপির প্রার্থীও মনোনয়ন জমা করেন। মনোনয়ন দাখিলের পর বাইরে আসেন দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষ। কিছুক্ষণ পর বাইরে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। একে অপরের সঙ্গে হাসি বিনিময় করেন। করমর্দন করেন। এবং কথাবার্তাও বলেন। কথার ফাঁকে উঠে আসে গরমের প্রসঙ্গ। এ সময় প্রচারের জন্য ঘোরা যে কতটা কষ্টের তা দুই প্রার্থীই বলেন। তখন বিজেপি প্রার্থীকে ডাবের জল পান করার পরামর্শ দেন নারায়ণ গোস্বামী। এছাড়া প্রচারের মাঝে কোনও সমস্যায় পড়লে তরুণবাবুকে ফোন করার কথাও বলেন নারায়ণবাবু। যা দেখে দু’দলের কর্মীদেরই বক্তব্য, রাজনৈতিক সৌজন্য একেই বলে। তৃণমূল প্রার্থীর এ হেন ব্যবহারে খানিক বিস্মিত বিজেপি প্রার্থী। তবে ডাব সংক্রান্ত উপদেশ তিনি মেনে নেন। নারায়ণ গোস্বামী পরে বলেন, ‘দেগঙ্গায় বিজেপির হার নিশ্চিত। তবুও উনি এই রোদে প্রচার করছেন। শরীর ঠিক রাখতে ডাব খাওয়ার পরামর্শ দিয়েছি। কোনো সমস্যায় পড়লে সাহায্য করার কথাও বলেছি।’