• বঙ্গ ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাঙালি নেতারাই ‘সংখ্যালঘু’
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির তারকা প্রচারক হিসাবে সর্বভারতীয় তালিকায় ঠাঁই হল সিংহভাগ অবাঙালি নেতার। রবিবার জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়া সেই তালিকা প্রকাশ হতেই বঙ্গ বিজেপিতে অসন্তোষ আছড়ে পড়েছে। বাঙালি অস্মিতায় আঘাত হতে পারে, এই আশঙ্কায় রাতারাতি সেই তালিকা বদল করল গেরুয়া পার্টি। 

    সোমবার ফের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রাজ্যের কয়েকজন বাঙালি নেতা-নেত্রীকে জায়গা দিয়ে ভোটের আগে মুখরক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়েছে গেরুয়া শিবির। রবিবার প্রকাশিত তালিকায় ৪০ জন তারকা ভোট প্রচারকের মধ্যে মাত্র ১০ জন বাঙালি নেতার নাম ছিল। যার মধ্যে মানিক সাহা, বিপ্লবকুমার দেবের মতো ত্রিপুরার বাঙালির উপস্থিতি ছিল। বাংলার নেতা বলতে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো কয়েকজনের নাম সেই তালিকায় উঠেছিল। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। দলের অন্দরে চর্চা শুরু হয়েছে, বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। অথচ বাঙালি নেতাদের কার্যত ব্রাত্য করে প্রায় আড়াই ডজন অবাঙালি নেতাকে ভোট প্রচারে পার্টির প্রধান ‘মুখ’ করা হয়েছে। উল্লেখ্য, এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রী সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও রয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি, ভিন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী ও নেতা। পাশাপাশি ভিন রাজ্যের এমপি ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ভোট প্রচারে চষে বেড়াবেন। এই ইস্যুতে চরম নেতিবাচক প্রতিক্রিয়া হওয়ায় চাপে পড়ে তালিকায় এদিন আরও কয়েকজন বাঙালিকে যুক্ত করেছে বিজেপি। ১০ থেকে বেড়ে বাঙালি তারকা প্রচারকের সংখ্যা হয়েছে ১৫। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল, লকেট চট্টোপাধ্যায়, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, অনন্ত মহারাজ এবং কার্তিক পাল।
  • Link to this news (বর্তমান)