• এসআইআরে শুনানির পর এবার ট্রাইবুনালে আবেদনের জন্য লাইন
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর-এর শুনানির পর এবার ট্রাইব্যুনালে আবেদনের জন্য লাইন। সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে ভিড় ছিল। রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুরুষ, মহিলাদের। এমনকী বৃদ্ধবৃদ্ধারাও ছিলেন লাইনে। সকলের একটাই বক্তব্য, ভোটের জন্য এই লাইন দেওয়ার দিন কবে শেষ হবে?

    এদিন মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দেখা গেল, ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে আসা প্রত্যেকের মধ্যেই ব্যাপক ক্ষোভ। কারও পরিবারের ছয় সদস্যের মধ্যে তিনজনের নাম বাদ গিয়েছে। আবার কারও পরিবারের অন্য সব সদস্যের নাম ভোটার তালিকায় থাকলেও, তার নামটিই বাদ গিয়েছে। এইসব নিয়েই ক্ষোভের পাশাপাশি আতঙ্কও সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই জানালেন, শুনানির নোটিশ পাওয়ার পর সমস্ত নথি জমা দিলেও ভোটার তালিকা থেকে নাম ‘ডিলিট’ হয়ে গিয়েছে। এদিকে অনলাইনে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করলেও সমস্যা হচ্ছে। দিনের পর দিন সাইবার কাফেতে ঘুরলেও ফর্ম ফিলাপ করা যাচ্ছে না। সেই কারণে বাধ্য হয়ে ‘অফলাইনে ফর্ম ফিলাপ’ করার জন্য মহকুমা শাসকের কার্যালয়ে আসতে হয়েছে।

    এদিন বাউড়িয়ার এক কাউন্সিলার উদ্যোগ নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ডিলিট হয়ে যাওয়া ভোটারদের নিয়ে এসেছেন। ওই কাউন্সিলার ডেভিড রাও জানান, এক একটি সাইবার ক্যাফেতে সারা দিনে দুটো তিনটে করে আবেদন করা যাচ্ছে। অথচ এলাকার শতাধিক লোকের নাম ডিলিট হয়ে গিয়েছে। সাধারণ গরিব মানুষ যাতে বিপদে না পড়ে, সেই কারণে আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য এদের মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে এসেছি। 
  • Link to this news (বর্তমান)