বিপুল কর্মী-সমর্থকের স্রোতে ভেসে মনোনয়ন কলকাতার হেভিওয়েটদের
বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন্টেজ কার, হুড খোলা জিপ, রঙিন বেলুন-পতাকা, ফুল-মালা, কর্মী-অনুগামীদের ঝলমলে পোশাক, মুখের হাসি। এ সব সঙ্গে নিয়ে সোমবার বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করতে গেলেন একাধিক হেভিওয়েট। সে কারণে সোমবার কলকাতার বহু জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা। সবমিলিয়ে জমজমাট মহানগর।
এদিন নজরে ছিল বন্দর কেন্দ্র। কলকাতার প্রথম নাগরিক মেয়র ফিরহাদ হাকিম ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী। বিশাল মিছিল করে সপরিবারে মনোনয়ন দিতে যান তিনি। হুডখোলা জিপে প্রার্থীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রুবি হাকিম ও তিন কন্যা। অ্যাসবেস্টস মোড় থেকে বিভিন্ন রাস্তা ঘুরে একবালপুর মোড়, ডায়মন্ডহারবার রোড হয়ে দক্ষিণ কলকাতার ডিইও অফিস আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছায় ফিরহাদের মিছিল। তা নির্দিষ্ট জায়গায় থেমে যায়। তারপর ১০০ মিটার হেঁটে মনোনয়ন জমা দিতে ঢোকেন ফিরহাদ।
অন্যান্য হেভিওয়েটদের মধ্যে মনোনয়নপর্বে এদিন ছিলেন তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও। তাঁরা রোড-শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান। প্রার্থীদের সঙ্গে ছিলেন ওই বিধানসভা এলাকার কাউন্সিলাররা। প্রার্থীদের মিছিলের জন্য হাজরা মোড় থেকে গোপালনগর রাস্তার একটা অংশ ছিল বন্ধ। হাজরা মোড়ে মোতায়েন ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে উত্তর কলকাতার ডিইও অফিস স্ট্র্যান্ড রোড সংলগ্ন জেশপ বিল্ডিং ঘিরেও কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। বিভিন্ন দলের জন্য আলাদা রাস্তা নির্দিষ্ট করেছিল পুলিশ। সে রাস্তা দিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। তৃণমূলের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ, মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডে, শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা, এন্টালির প্রার্থী সন্দীপন সাহা, জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায় মনোনয়ন দাখিল করেন। কর্মী-সমর্থকদের স্রোতে ভেসে প্রত্যেকেই ছিলেন চনমনে। বেরিয়ে এসে প্রার্থীরা মানুষকে ভিক্ট্রি সাইন দেখান।
অন্যদিকে বিজেপির মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিও ছিল জমকালো। বিজেপির টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারী ভিন্টেজ কারে চেপে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে আসেন। বিজেপির এন্টালি কেন্দ্রের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, জোড়াসাঁকো কেন্দ্রের প্রার্থী সন্তোষ পাঠক মনোনয়ন দাখিল করেন।
এছাড়া বামফ্রন্ট ও তাদের সহযোগী দলের ১১ প্রার্থী আলিপুরে মনোনয়ন জমা দেন। হাজরা থেকে মিছিল করে আসেন বালিগঞ্জের প্রার্থী আফরিন বেগম, কসবার দীপু দাস, মহেশতলার সায়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাসবিহারী, বালিগঞ্জ, কসবা, যাদবপুর, বেহালা পূর্ব ও পশ্চিম, মহেশতলা, কলকাতা বন্দর, মেটিয়াবুরুজ, ভবানীপুর, টালিগঞ্জ বিধানসভার প্রার্থীরাও মনোনয়ন জমা করেন। বামেদের মিছিলে ছিলেন সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার, শতরূপ ঘোষ প্রমুখ।