• রাতে কলকাতা-শহরতলিতে ব্যাপক ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুরের পর থেকে গুমোট হয়েছিল। সঙ্গে ছিল ভ্যাপসা অস্বস্তিকর গরম। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর আমূল বদলে গেল কলকাতা ও সংলগ্ন শহরতলির আবহাওয়া। ব্যাপক ঝোড়ো হাওয়ায় কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন এলাকা। দমকা হাওয়ার তাণ্ডবে বহু জায়গায় গাছ উপড়ে বা ভেঙে পড়ে। সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক চলে টানা বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে দুপুরের পর ঘন কালো মেঘ কলকাতা ও সংলগ্ন জেলাগুলির দিকে সরতে শুরু করে। রাত সাড়ে ৮টার পর কলকাতার জন্য ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করে আবহাওয়া দপ্তর। আরও মেঘ কলকাতার দিকে সরে এলে ‘লাল সতর্কতা’ জারি করা হয়। সেই পূর্বাভাস সত্যি করে রাত পর্যন্ত চলে ব্যাপক ঝড়বৃষ্টি। দক্ষিণ কলকাতায় একাধিক জায়গায় গাছ পড়ার খবর মিলেছে। উত্তর ২৪ পরগনার সোদপুর, খড়দহ, বারাকপুরেও  ভালো পরিমাণে ঝড়বৃষ্টি হয়। সঙ্গে লাগাতার বজ্রপাত। ভোটের প্রচার চলছে সর্বত্র। অনেক প্রার্থীরই রাত পর্যন্ত নানা কর্মসূচি ছিল। ঝড় ও বৃষ্টির জন্য সেসব ব্যাহত হয়। রাত ৮টার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় ঝিরঝির বৃষ্টি শুরু হয়। পরে শুরু হয় মুষলধারে। সঙ্গে হাওয়া। বারুইপুর ও জয়নগরেও ভালোরকম বৃষ্টি হয়েছে। রায়দিঘি, কুলতলিতেও ছিল কমবেশি একই পরিস্থিতি। বিভিন্ন জায়গা চলে যায় লোডশেডিংয়ের কবলে। হাওড়া, হুগলি জেলার বিভিন্ন অংশেও ব্যাপক ঝড়বৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙেছে। নিমতা, পানিহাটি সহ উত্তর শহরতলির বিভিন্ন নীচু জায়গায় জল জমে। হুগলি, শ্রীরামপুরের কিছু জায়গায়ও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)