• কলামন্দিরে উস্তাদ আমজাদ আলি খানের অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা, বাড়তি আমন্ত্রণপত্র বিলি!
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন সংখ্যার বেশি আমন্ত্রণপত্র বিলি। তার জেরে সোমবার চরম বিশৃঙ্খলা কলামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে। এদিন পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তর স্মরণে সন্ধ্যা ছ’টায় কলামন্দিরে অনুষ্ঠানটি ছিল। উস্তাদ আমজাদ আলি খানের সরোদ পরিবেশন ও কণ্ঠশিল্পী কৌশিকী চক্রবর্তীর পারফরম্যান্স শুনতে ভিড় জমিয়েছিলেন সংগীতপ্রেমীরা। কিন্তু নির্দিষ্ট আসন সংখ্যার অনেক বেশি শ্রোতা-দর্শক চলে আসেন ওই অনুষ্ঠানে। আর তার জেরেই শুরু হয় বিশৃঙ্খলা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ঢুকতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। ছিলেন বহু প্রবীণ মানুষও। ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। যদিও ঘটনাস্থলে কোনো ভাঙচুর হয়নি বলে খবর। এদিন উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদও করা হয়।  

    লালবাজার সূত্রে খবর, এদিন রাতে দুই উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, আসনসংখ্যার চেয়ে অনেক বেশি আমন্ত্রণপত্র বিলি হয়েছিল। কলা মন্দিরের আসন সংখ্যা ২ হাজারের কিছু বেশি। তার চেয়ে অনেক আমন্ত্রণপত্র কেন বিলি হল? এনিয়ে জামিনযোগ্য একটি মামলা রুজু করেছে শেক্সপিয়র সরণি থানা। দুই উদ্যোক্তাকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ, মঙ্গলবার ওই দুই উদ্যোক্তাকে ফের থানায় ডেকে পাঠানো হয়েছে জেরার জন্য। 
  • Link to this news (বর্তমান)