• জেল থেকে ‘দোষ’ কবুল করতে চেয়ে কোর্টে পিটিশন আফগান নাগরিকের
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ ও জালিয়াতির মামলায় পাঁচ আফগান নাগরিক অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ‘দোষ’ কবুল করতে চেয়ে জেল থেকে পিটিশন করে আরজি জানালেন আদালতে। আজ, মঙ্গলবার এই মামলাটি আদালতে উঠবে। তখন এর শুনানি হওয়ার কথা। সোমবার মামলার বিশেষ সরকারি কৌঁসুলি জয়ন্তকুমার ঘোষ এই খবর জানান। তিনি বলেন, বর্তমানে মামলাটি চলছে কলকাতার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টে। মঙ্গলবার এই মামলায় চার্জ গঠনের শুনানি হওয়ার কথা। আদালত যা পদক্ষেপ করার করবে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে কলকাতা পুলিশ শহরে আত্মগোপন করে থাকা ছয় আফগান নাগরিক সহ দশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে। কয়েকজনের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়। পরে তাঁরা ধরা পড়ে। কিন্তু এখনও চারজন ‘ফেরার’। সেই মামলায় কলকাতা পুলিশ ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ও বিভিন্ন নথিপত্র জালিয়াতির অভিযোগ এনে চার্জশিট দেয়। তার শুনানি পর্বেই দোষ কবুলের আরজি জানানো হল।
  • Link to this news (বর্তমান)