'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে প্রাণ হারিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপরই আউটডোর শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে সরব হয়েছে টলিউড। এমন অবস্থায় এমন দুটো হাড়হিম হওয়া অভিজ্ঞতার কথা জানিয়ে কী লিখলেন ভাস্বর চট্টোপাধ্যায়?
ভাস্বর চট্টোপাধ্যায় এদিন সমাজমাধ্যমে লেখেন, '২০০৫। আমি, কুনাল মিত্র, কণিনিকা ব্যানার্জী, প্রিয়া কারফা এবং দেবদূত ঘোষ সুন্দরবনে আউটডোরে যাচ্ছিলাম স্টিমারে। রাস্তায় বিরাট ঝড় ওঠে। তার মধ্যেই কনিকে জবিরদস্তি একটা নৌকায় নামিয়ে দেওয়া হয় শট এর জন্য। আমরা সবাই প্রতিবাদ করি, কনির মা কান্নাকাটি করেন কিন্তু পরিচালক কোনো কথা কানে তোলেন না। সেদিন কনির জীবন যেতে পারত।'
তিনি এদিন আরও লেখেন, 'এরপর সুন্দরবনে পৌঁছে আমাকে আর অর্পিতাদিকে নদীর পাড়ে সিন শুট করতে বলা হয়। শেষ হওয়ার পর লোকাল লোকেরা হইহই করে তেড়ে আসে, বলে ওখানে কামট থাকে। কে আপনাদের যেতে বলেছে? এরকম কত কিছু যে আমাদের সঙ্গে হয় ভাবনার বাইরে। তাই ঝড় একদিন না একদিন উঠতই, দুঃখের বিষয় যে রাহুলকে প্রাণ দিয়ে বোঝাতে হল।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রীরা রীতিমত মুখে কুলুপ এঁটে রেখেছেন। এমনকী ভাস্কর বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকেই রাহুলের শেষকৃত্যে বা টলিউডের তরফে ডাকা প্রতিবাদ মিছিলেও দেখা যায়নি। এই নিয়ে বিস্তর চর্চা, জলঘোলা চলছে। চলছে ছিছিকার।
আর্টিস্টস ফোরামের তরফে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে দুর্ঘটনার কারণ সহ নানা বিষয় নিয়ে চিঠি দেওয়া হয়েছিল। তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কা সরকার আর্টিস্টস ফোরামের সঙ্গে গিয়ে FIR করেছেন। FIR করা হয়েছে তালসারিতেও। অন্যদিকে আগামী মঙ্গলবার, ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে টলিউড।
উজান-কুইনের গল্প ফুরল না, তার আগেই শুরু হল 'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজন। এই তিন নম্বর সিজনে এবার দেখা যাবে দুই বোনের গল্প। রূপাঞ্জনা ও নীলাঞ্জনার গল্প নিয়ে এগোবে এই ধারাবাহিক। মুখ্য দুই চরিত্রে আছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগতা শ্রেয়া বসাক। এবার জানা যাচ্ছে, নতুন সিজনের নায়ক হয়ে আসছেন অভিনেতা আদিত্য বক্সি। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'অভিনব সেন'। ইতিমধ্যেই নতুন চরিত্রে শুটিং শুরু করেছেন তিনি। যদিও আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ টলিপাড়ার সমস্ত শুটিং। গত রবিবার বিবৃতি প্রকাশ করে আর্টিস্ট ফোরাম এই তথ্য জানিয়েছেন। ফলে 'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজন শুরু হয়েও এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ধারাবাহিকের শুটিং ফ্লোর।