• রাজ্যসভায় বাংলায় শপথ নিলেন কোয়েল, নতুন সাংসদ হিসেবে যাত্রা শুরু অভিনেত্রীর
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৬
  • ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে যখন অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয় রীতিমত চমকে উঠেছিলেন সকলে। অভিনেত্রী যে রাজনীতির আঙিনায় পা দিতে পারেন এটা যেন অপ্রত্যাশিত ব্যাপার ছিল অনেকের কাছেই। কিছুদিন আগেই বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। এবার দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কোয়েল।

    তবে সাংসদ, অভিনেত্রী এদিন নিজের আসল নাম অর্থাৎ রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নিলেন।বাংলায় কোয়েলের শপথ গ্রহণও বেশ নজর কেড়েছে। এদিন কোয়েলকে রাজ্যসভায় লাল পাড় সাদা শাড়ি পরে দেখা গেল। কোয়েলের শপথ গ্রহণের মুহূর্তে এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানেই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসতে দেখা যাচ্ছে। কেউ কেউ তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ আবার বলেছেন 'ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল।'

    কিছুদিন আগে কোয়েল মল্লিক এদিন তাঁর স্বামী নিসপাল সিং রানের হাত ধরে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। তাঁর পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মনোনয়ন জমা দিয়েই অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ''জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরুদায়িত্ব। আমি কেবল এটাই বলব, যেন সবাইয়ের আশীর্বাদ, ভালবাসা আমার সঙ্গে থাকে। যেন অনেক অনেক মানুষের সেবা করতে পারি, দেশের সেবায় যেন আমি সক্ষম হতে পারি। অনেক মানুষের যেন উপকারে আসতে পারি।''

    কোয়েল কি রাজনীতিতে আসার কথা ভেবেছিলেন? এই প্রশ্নের জবাবে নায়িকা বলেছিলেন, ''অনেক যে ভেবেছিলাম সেটা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি যে আমার নাম নমিনেট করা হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।''

    কোয়েলকে এর আগে কখনও রাজনৈতিক কাজে দেখা যায়নি। এমনকী ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি যে তিনি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। কোয়েলের নতুন ভূমিকা নিয়ে শতাব্দী রায় বলেছিলেন, "খুব ভাল লাগছে খবরটা পেয়ে‌। কোয়েল খুব ভাল মেয়ে। ও খুব মনোযোগী, মনোযোগ দিয়ে কিছু করলে তার মূল্য অবশ্যই পাওয়া যায়। আমার বিশ্বাস ও খুব মনোযোগ দিয়ে কাজটা করবে।"

    তবে এই খবর আসার পর থেকেই দু'ভাগে ভাগ হয়ে গিয়েছেন কোয়েলের অনুরাগীরা। কোয়েল রাজনীতিতে পা রাখতেই অনেকেই যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তেমনই কিছু অনুরাগীদের মন ভেঙেছে। আসলে কোয়েল মল্লিক কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেননি। এমনকী নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। বিয়ে, দুই সন্তান সবটাই লোকচক্ষুর আড়ালেই। প্রচারের মাধ্যম হিসেবে সমাজমাধ্যমকেও তেমন গুরুত্ব দিতে দেখা যায় না তাঁকে। তাঁর হঠাৎ রাজনীতির ময়দানে পা দেওয়াটা বেশ অবাক করেছে অনুরাগীদের। রাজনীতির ময়দানে এবার কতটা জনপ্রিয়তা পান 'টলি কুইন' এখন সেটাই দেখার।
  • Link to this news (আজকাল)