• ‘এই ট্রমা নিয়ে...’, রাহুলের সঙ্গে সে দিন তালসারিতে করেছিলেন শুটিং, এ বার মুখ খুললেন অম্বরীশ
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • একসঙ্গে মেক আপ রুম শেয়ার থেকে আউটডোর শুট, গত রবিবার থেকে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের মনে বার বার ভিড় করে আসছে রাহুলের সঙ্গে কাটানো একঝাঁক স্মৃতি। সে দিন ওই দুর্ঘটনাস্থলে রাহুলের সঙ্গে কাটিয়েছিলেন এমন অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অম্বরীশ। এই দুর্ঘটনার আগেই প্যাক আপ হয়ে গিয়েছিল অম্বরীশের। রাহুলের মৃত্যুর পরে সপ্তাহখানেক চুপ থাকলেও, এ বার এই ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

    ঘটনার দিন রাহুলের সঙ্গে আড়াইটে, তিনটে নাগাদ শট দিয়েছিলেন অম্বরীশ। ‘এই সময় অনলাইন’কে অভিনেতা বলেন, ‘দুপুর তিনটে নাগাদ আমার প্যাক আপ হয়ে যায়। তখন শুধু নায়ক-নায়িকার সিনটুকু বাকি ছিল। তার পরে কলকাতার উদ্দেশে রওনা দিই। হঠাৎ খবরটা পেয়ে কেমন যেন অবিশ্বাস্য লেগেছিল। একই ঘরে বসে কাজ করেছি আমরা এতগুলো দিন। তালসারি যাওয়ার আগেও আমায় একটা বই উপহার দিয়েছিল রাহুল। এর থেকে খারাপ আর কী হতে পারে।’

    রাহুলের মৃত্যু নিয়ে একদিকে যেমন উঠেছে নানা প্রশ্ন। ঠিক তেমনই অনেকেই প্রশ্ন তুলছে কেন ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কাউকে দেখা যায়নি রাহুলের শেষকৃত্যে? কেনই বা মুখ খুলছেন না তাঁরা? এ বার মুখ খুললেন অম্বরীশ। তাঁর স্পষ্ট জবাব, ‘এটা আমারও নজরে পড়েছে। দর্শকের মনে প্রশ্ন জাগছে কেন কোথাও যাচ্ছি না। আসলে সত্যি বলতে আমার পক্ষে ওর মৃতদেহ দেখতে যাওয়া সম্ভব ছিল না। তাই এই কারণে কেউ যদি আমায় অসংবেদনশীল বলে মনে করেন তাতে সত্যিই কিছু করার নেই। ওখানে গেলে হয়তো আমিই অসুস্থ হয়ে পড়তাম। মাসিমা, প্রিয়াঙ্কা আর ছোট্ট সহজের মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা আমার ছিল না।’

    তবে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক অথবা প্রকাশ্যে আসুক সত্যিটা এটা চান অম্বরীশও। নিজের মতো করে প্রতিবাদও জানিয়েছেন তিনি। বললেন, ‘রাহুলের মৃত্যুর দু’দিনের মধ্যেই ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে ওদের আর কোনও ধারাবাহিকে কাজ করব না। এটা সকলের জানা দরকার। কারণ, আমি দর্শকের কাছে জবাবদিহি করতে বাধ্য।’

    রাহুলের সঙ্গে যেখানে দিনের পর দিন শুটিং করেছেন, সেই পরিবেশে আর যেতে পারবেন না বলে জানিয়েছেন অম্বরীশ। প্রসঙ্গত, ম্যাজিক মোমেন্টস-এর ‘চিরসখা’ ও ‘ভোলে বাবা পার করেগা’ দুটি ধারাবাহিকেই কাজ করতেন অম্বরীশ। কোনওটাতেই আর কাজ করবেন না তিনি। গত মঙ্গলবারই বিষয়টা প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিয়েছেন অম্বরীশ।

    অম্বরীশের কথায়, ‘ওরা কোনও যোগাযোগ করেননি। তাই আমার মনে হয়েছিল এটা মানুষের জানা দরকার। অনেকেই হয়তো ভাবছেন আমি চুপ করে ঘরে বসে আছি। সেটা কিন্তু নয়। আমি যা করতে পারতাম, সেটাই করেছি। যতক্ষণ না আমাদের সুরক্ষার কথা ভাবা হচ্ছে কাজ করা সম্ভব নয়।’

    রাহুলকে হারানোর যন্ত্রণা ভাগ করার জন্য সোশ্যাল মিডিয়ার একটি পোস্টই যথেষ্ট নয় বলে মনে করেন অম্বরীশ। তিনি বলেন, ‘মন কিছুতেই সায় দিচ্ছিল না। ওখানে গিয়ে ওই স্টুডিয়োয় আর শুটিং করতে পারতাম না, যেখানে এতটা সময় একসঙ্গে কাটিয়েছি। আউটডোরে একসঙ্গে কাটিয়েছি। ফেরার পথে শুনছি ও মারা গিয়েছে। এই ট্রমা নিয়ে কাজ করা অসম্ভব ছিল আমার পক্ষে। যতদিন না সমাধান হবে কোনও শুটিং হবে না।’
  • Link to this news (এই সময়)