শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চান? তাহলে আদর্শ জায়গা হতে পারে উত্তরাখণ্ডের দেরাদুনের ‘রাষ্ট্রপতি তপোবন’। হিমালয়ের পাদদেশে প্রায় ১৯ একর এলাকা জুড়ে তৈরি হয়েছে এই সুন্দর অরণ্যপথ। ঘন সবুজ জঙ্গল, নাম না জানা পাখির ডাক আর পাহাড়ি শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবে। প্রকৃতির খুব কাছে গিয়ে সময় কাটানোর জন্য দেরাদুনে এটি এক অনন্য ঠিকানা।
রাষ্ট্রপতি তপোবন আসলে একটি সাজানো বন পথ। এখানে বড় বড় গাছের ছায়ায় ঢাকা রাস্তা দিয়ে হাঁটা যায়। জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পথ আর কাঠের ছোট ছোট সেতু তৈরি করা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য। যাঁরা পাখি দেখতে বা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য এই জায়গা সেরা। অরণ্যের এই পরিবেশে আপনি যেমন ধ্যানে বসতে পারবেন, তেমনই পাহাড়ি বনের গাছপালা সম্পর্কে অনেক কিছু জানতেও পারবেন।
সোমবার ছাড়া সপ্তাহের বাকি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তপোবন খোলা থাকে। এ ছাড়া সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে তপোবন। এখানে যাওয়ার জন্য আগে থেকে অনলাইনে বুকিং করা বাধ্যতামূলক। স্পট বুকিং বা সরাসরি এসে টিকিট কাটার কোনও ব্যবস্থা নেই। টিকিট বুক করার ওয়েবসাইট হলো visit.rashtrapatibhavan.gov.in। বুকিং কনফার্ম হলে আপনার মোবাইলে বা ইমেলে মেসেজ চলে আসবে।
ভারতীয় পর্যটকদের জন্য জনপিছু প্রবেশ মূল্য ৫০ টাকা। আর বিদেশি পর্যটকদের জন্য ফি ২৫০ টাকা। রাষ্ট্রপতি তপোবনে ঢোকার সময়ে সঙ্গে অবশ্যই একটি অরিজিনাল পরিচয়পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড) রাখতে হবে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে পাসপোর্ট বা ছবি দেওয়া পরিচয়পত্র থাকা জরুরি। একবার দেওয়া রেজিস্ট্রেশন ফি কোনও ভাবেই ফেরতযোগ্য নয়। নিরাপত্তার খাতিরে রাষ্ট্রপতি সচিবালয় যে কাউকে প্রবেশাধিকার দিতে বা বাতিল করতে পারে।
তপোবনে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের দিকে কড়া নজর রাখা হয়েছে। এখানে পানীয় জল, পরিষ্কার শৌচালয় এবং ব্যাগ রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থা আছে। ছোট বাচ্চাদের জন্য আলাদা ঘর বা চাইল্ড কেয়ার রুমও রাখা হয়েছে।
তপোবনের পরিবেশ রক্ষায় বেশ কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে। ভিতরে কোনও খাবার, পান, সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য নিয়ে ঢোকা নিষিদ্ধ। ব্যাগ, প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক জাতীয় কোনও সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখাই বাঞ্ছনীয়। ভ্রমণের বিষয়ে কোনও সাহায্য বা প্রশ্ন থাকলে ভিজ়িটর ফ্যাসিলিটেশন সেলের ০১১-২৩০১৩২৮৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ইমেল করা যাবে vmc@rb.nic.in ঠিকানায়।