এই সময়, মেখলিগঞ্জ: নিজের জমিতে চাষ করার সময়ে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। যদিও প্রায় আড়াই ঘণ্টা পরে বিএসএফের হস্তক্ষেপে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ইন্দো-বাংলা সীমান্ত বাগডোগরা ফুলকা-ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার কাংড়াতলি ঘেগারবাড়ি এলাকায়। অপহৃত ব্যক্তির নাম সহদেব বর্মন। সোমবার সকালে তিনি ওই এলাকায় কাঁটাতারের বেড়ার ছয় নম্বর গেট দিয়ে গিয়ে নিজের জমিতে চাষাবাদ করছিলেন। অভিযোগ, হঠাৎই প্রায় ২০-২৫ জন বাংলাদেশি তাঁকে তাঁর দুটো গোরু-সহ বাংলাদেশে টেনে নিয়ে যান। কেন তাঁকে তুলে নিয়ে আসা হলো, সেই কথা জিজ্ঞেস করতেই বাংলাদেশিরা জানান, বিএসএফ তাঁদের এক নাগরিককে গুলি করেছে। তাই তাঁকে তুলে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, একই গ্রাম পঞ্চায়েত এলাকার ইন্দো-বাংলা সীমান্ত ঘুমটি এলাকায় এক বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তা দেখে বিএসএফ ওই ব্যক্তিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। তাতে ওই বাংলাদেশি আহত হন। এরই বদলা নিতে সহদেবকে ও পারের বাসিন্দারা তুলে নিয়ে যান। খবর পেয়েই ফুলকাডাবরি বিওপির বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার বিজিবির ৬১ নম্বর কমান্ডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে দু'পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পরে সহদেব তাঁর দু'টি গোরু নিয়ে ভারতের মাটিতে পা রাখেন। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বিজিবির তরফে তাদের দেশের নাগরিকদের এই 'কাণ্ড'-এর জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি এমন ঘটনা আগামীতে আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছে বিজিবি।
ভারতে ফিরে সহদেব বলেন, 'প্রতিদিন আমাদের কাঁটাতারের বেড়া পেরিয়ে জমিতে চাষ করতে যেতে হয়। জমির পাশেই উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অনায়াসে প্রবেশ করতে পারেন। এ ভাবেই এ দিন আমাকে ওঁরা তুলে নিয়ে যান।' স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় সর্বক্ষণ বিএসএফের পাহারার দাবি জানিয়েছেন।