তোর্সা সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নীচে নদীতে পড়ল কন্টেনার ট্রাক। মৃত্যু গাড়ির চালকের। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ারের হাসিমারার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ভোরে হাসিমারার কাছে ৩১/সি জাতীয় সড়কে তোর্সা সেতুর উপর দিয়ে একটি কন্টেনার ট্রাক যাচ্ছিল। তার গতি অনেকটাই বেশি ছিল। উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মেরে নদীতে পড়ে যায় ট্রাকটি।
সূত্রের খবর, কন্টেনার ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও এই মুহূর্তে নদীতে জল নেই। নদীর বুকে বালি। ফলে উদ্ধারকাজে খুব একটা বেগ পেতে হয়নি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, কন্টেনার ট্রাকটি অসমের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষেই এই ভয়াবহ ঘটনা ঘটে। মৃত চালকের পরিচয় এখনও জানা যায়নি।
এ দিকে এই দুর্ঘটনার পরে ভিড় জমে যায় সেতুর উপরে। সেতুতে সাময়িক যানজটও তৈরি হয়। ট্রাক, লরির লাইন লেগে যায়। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।