• মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না: মমতা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • মতুয়াদের নাম বাদ নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মতুয়াগড় চাকদহ-বনগাঁয় ভোটপ্রচারে গিয়ে মতুয়াদের নাম কাটা নিয়ে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু মতুয়া নয়, সমস্ত বাদ পড়া ভোটারদের অধিকার রক্ষায় যে সচেষ্ট জোড়াফুল শিবির তা আবারও স্পষ্ট করে দিয়েছেন নেত্রী। বিজেপির উদ্দেশে কার্যত চ্যালেঞ্জের সুরে তৃণমূল সুপ্রিমো বলেন,‘বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব। চেষ্টা করব ভোটের আগেই নাম তোলার।’ মতুয়াদের নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়ার চেষ্টা করলে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। এমনকী ঠাকুরবাড়ির মধ্যে বিভেদের বীজ পুঁতে ভোটের ময়দানে ফায়দা তোলা নিয়েও বিজেপিকে দোষারোপ করেন তিনি। SIR-এ নাম বাদের বদলা নিতে জনগণকে ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে হারানোর পরামর্শ।

    সোমবার রাতেই SIR-এ বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। তাতে প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। এ দিন সভা থেকে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, SIR-এ মতুয়াদের নাম বেছে বেছে বাদ দিয়েছে বিজেপি। পরে ষড়যন্ত্র করে ভোটের পরে নাম তুলে বাহবা নেওয়ার চেষ্টা করা হবে বলেও কটাক্ষ করেন নেত্রী। তাঁর কথায়, ‘উকুনের মতো বেছে বেছে নাম বাদ দিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় এবং উত্তর দিনাজপুরে অনেক নাম বাদ দিয়েছে। প্রচুর মতুয়াদের নাম বাদ গিয়েছে। ট্রাইব্যুনালে নাম তোলার চেষ্টা করছি আমরা। মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না। এই যুদ্ধে আমি যোদ্ধা। যাঁদের নাম বাদ গিয়েছে, ভোটের আগে তাঁদের নাম তোলার চেষ্টা করে যাব। ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। জেনে রাখুন, আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না।’

    এই হয়রানির যোগ্য জবাব দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। ভোটার হওয়া সত্ত্বেও মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, ‘আপনাদের লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছে বিজেপি। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিয়ে বদলা নিন। যাতে বাংলা দখল করতে না পারে।’

    মতুয়াগড়ে দাঁড়িয়ে ঠাকুর পরিবারে বিভাজন নিয়েও সরব হন মমতা। বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রীর সংযোজন, ‘যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোটের রাজনীতি করবে, আমি তাদের সাবধান করছি, বেশি কথা বলবেন না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে জানি। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি-সিবিআই আসে না। তৃণমূল করলে কিছু না করলেও ইডি-সিবিআই আসে। বেশি বাড়াবাড়ি করলে মুখোশ খুলে দেব।’

  • Link to this news (এই সময়)