• ‘বালু আমার ফেভারিট, ওর নামে কুৎসা করছে, ভুয়ো কেসে গ্রেপ্তার করেছিল’, হাবরায় বললেন মমতা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তাঁর 'ফেভারিট ক্যান্ডিডেট'। তাঁকে বিধানসভা ভোটে জেতাতে পারলে সব উজাড় করে দেবে তাঁর সরকার! হাবড়ায় ভোটপ্রচারে গিয়ে এই প্রতিশ্রুতিই দিয়ে এলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এ-ও বক্তব্য, রেশন দুর্নীতি মামলায় মিথ্যা অভিযোগ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বালুকে ফাঁসানো হয়েছিল। ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

    সভার শুরুতেই বালুর হয়ে ভোটপ্রার্থনা করেন মমতা। তিনিই স্পষ্টই জানিয়ে দেন, যত কুৎসা-বদনাম করা হোক না কেন, বালুই তাঁর প্রিয় প্রার্থী এবং পুরনো দিনের সঙ্গী। তৃণমূল নেত্রী বলেন, ‘বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে শুনছি। হাবড়ার প্রার্থীর নামে... জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভাল কাজ করেছে, এ কেউ করতে পারেনি। ওকে হিংসে করে গ্রেপ্তার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কেন গ্রেপ্তার করেছিল?’

    এ প্রসঙ্গে সিপিএমকেও বিঁধেছেন মমতা। তিনি বলেন, ‘ওই পচা সিপিএম পার্টির দেড় লক্ষ নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো ফল্‌স নামে রেশন দিত। এই চুরি ধরেছিল বালু। তাই ভুয়ো কেসে ফাঁসিয়েছে। ডিজিটাল রেশন কার্ডও জ্যোতিপ্রিয় মল্লিক করেছিল। এই কাজটা এত সোজা ছিল না। পাচার হত আগে রেশনের মাল। প্রত্যেকটা গাড়ি দেখা, সব বালু করেছিল। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।’ মমতার সংযোজন, ‘কারও কথা শুনে, কুৎসা-অপপ্রচার শুনে ভোট দেবেন না। উত্তর ২৪ পরগনার মানুষকে জিজ্ঞাসা করি, এসআইআরের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তো? এই অপমানের বদলা নেবেন কি নেবেন না? আগে যারা সিপিএম করত, এখন তারা বিজেপি করে। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তিনটেই সেম সেম।’

  • Link to this news (এই সময়)