• প্রবল ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৬
  • ইন্দ্রজিৎ সাহু

    সোমবার রাতের প্রবল ঝড়-বৃষ্টি একপ্রকার তছনছ করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ কৃষিজমি। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বোরো ধান।

    হঠাৎ হওয়া এই প্রাকৃতিক বিপর্যয়ে চাষিদের সারা বছরের পরিশ্রম কার্যত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, দাঁতন ও খড়গপুর লোকাল সহ একাধিক কৃষিপ্রধান এলাকায় ধানের ক্ষেত কার্যত নষ্ট হয়ে গিয়েছে।

    কোথাও প্রবল ঝড়ের দাপটে ধান গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও জমিতে জল জমে সম্পূর্ণ ডুবে গেছে ফসল। বিশেষ করে যেসব জমিতে ধান কাটার মুখে ছিল, সেই সব ক্ষেতেই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু কৃষক ১০ থেকে ১৫ বিঘা পর্যন্ত জমিতে ধান চাষ করেছিলেন। আবার কেউ কেউ মাত্র ২-৩ বিঘা জমিতেই নিজেদের সংসারের ভরসা রেখেছিলেন। অনেকেই চাষের খরচ জোগাতে ঋণ নিয়েছিলেন বা ধার করেছিলেন।

    ফলে এই আকস্মিক দুর্যোগে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়ে গিয়েছে। অনেক কৃষকই জানিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে ওঠা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

    কৃষকরা জানান, প্রতি বছরই এই সময়ে কালবৈশাখীর দাপট দেখা গেলেও, এবার ঝড়-বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি ছিল। ফলে প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি তাঁরা। একাধিক এলাকায় এখনও জমিতে জল জমে থাকায় ফসলের আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব না হলেও, প্রাথমিকভাবে ব্যাপক আর্থিক লোকসানের আশঙ্কা করা হচ্ছে। ফলে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। নতুন করে চাষের খরচ জোগাড় করা এবং ঋণ শোধ করা নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে।

    তবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির উপর নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, চাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)