• 'বালুর মতো এত ভাল কাজ কেউ করেনি', জেল ফেরত জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার
    আজ তক | ০৭ এপ্রিল ২০২৬
  •  ভোটের  আগে দক্ষিণবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে আজ  জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাবড়া কেন্দ্র, যেখানেই কিনা তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। এক সময় জোর জল্পনা ছিল, হাবড়া থেকে আর প্রার্থী করা নাও হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে সেই জল্পনায় জল ঢেলে বালুকেই ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিন জনসভায়  জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বিরোধীরা বদনাম করছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,  'বালুকে হিংসে করে গ্রেফতার করেছিল।' সেইসঙ্গে বালুকে ফাঁসানো হয়েছে বলে জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী।

    প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২১, টানা ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২০২১ সালের পর কিছু দিন বনমন্ত্রীর ভারও সামলান। ২০২৩ সালের অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। ২০২৬ সালের বিধানসভা ভোটে জ্যোতিপ্রিয়কে পুরনো কেন্দ্র হাবড়া থেকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০২৫ সালের  প্রথমেই জামিনে মুক্ত হন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরই দলে তাঁর গুরুত্ব বেড়ে গিয়েছিল। একাধিক দায়িত্ব পেয়েছিলেন হাবড়ার বিদায়ী বিধায়ক।  পরিষদীয় দলের বৈঠকেও জ্যোতিপ্রিয়র গ্রেফতারির বিরুদ্ধে কার্যত গর্জে উঠতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেছিলেন, 'বালুকে অন্যায়ভাবে আটকানো হয়েছিল। ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই। এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি।'
  • Link to this news (আজ তক)