• বিজেপির সভায় সিপিএমকে কটাক্ষ অনিল পুত্র সৌম্যর
    দৈনিক স্টেটসম্যান | ০৭ এপ্রিল ২০২৬
  • হুগলি জেলার পাঁচজন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা উপলক্ষে সোমবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিজেপি প্রার্থী সুবীর নাগকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘জয় শ্রীরাম’ স্লোগানেও অংশ নেন। সভা শেষে তিনি জানান, ছাত্রজীবনে তিনি এসএফআই ও ডিওয়াইএফআইয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে বাম রাজনীতির প্রতি তাঁর আস্থা নষ্ট হয়েছে।

    সৌম্যের কথায়, ‘আগের বামপন্থা আর বর্তমান বামপন্থার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। জ্যোতি বসু, অনিল বিশ্বাস বা সুভাষ চক্রবর্তীর সময়কার বাম রাজনীতি ছিল ভিন্ন ধরনের, যা এখন আর দেখা যায় না।’ বর্তমান বাম নেতৃত্বকে তিনি ‘এলিট শ্রেণির প্রতিনিধি’ বলেও কটাক্ষ করেন। তাঁর দাবি, এখনকার বাম রাজনীতির উপর সাধারণ মানুষের ভরসা কমে গিয়েছে।

    নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে সৌম্য বলেন, ‘প্রত্যেক মানুষের নিজস্ব মতামত ও পছন্দের স্বাধীনতা রয়েছে। পরিবারের রাজনৈতিক পরিচয় থাকলেই সেই পথ অনুসরণ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।’ সেই কারণেই তিনি নিজের মতো করে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন।

    তিনি আরও জানান, বিজেপিকে তিনি দেশভক্তদের দল হিসেবে দেখেন এবং সেই আদর্শই তাঁকে আকৃষ্ট করেছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের জয় নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও আশাবাদী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)