• মনোনয়নকে কেন্দ্র করে গণ্ডগোল চন্দননগরে, স্লোগান যুদ্ধে তৃণমূল-বিজেপি
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের সামনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘাত। মঙ্গলবার দুই পক্ষের মিছিল মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার মাঝেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় স্লোগান ও পাল্টা স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়়ায়।

    এ দিন তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায় এবং হরিপালের বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ মনোনয়ন জমা দিতে এসেছিলেন। এ ছাড়াও সিঙ্গুরের অরূপকুমার দাস এবং তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান মনোনয়ন জমা দিতে চন্দননগর মহকুমা শাসকের দপ্তরে হাজির হন। তারকেশ্বরের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় সংঘাত। দুই দলের সমর্থকরা একে অপরের মুখোমুখি হয়ে ‘জয় বাংলা’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।

    নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে জমায়েত করা নিষিদ্ধ। তা সত্ত্বেও কী ভাবে মহকুমা শাসক দপ্তরের একেবারে সামনে দু’দলের এত সমর্থক জড়ো হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকায় বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। পরে, পুলিশ অতিরিক্ত বাহিনী নিয়ে এসে দু’পক্ষের সমর্থকদের জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া যাতে বিঘ্নিত না হয়, তার জন্য চন্দননগর মহকুমা শাসক দপ্তরের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)