• সব থেকে বেশি নাম বাদ মুর্শিদাবাদ জেলায়, ট্রাইব্যুনালেও লম্বা লাইন দিনভর
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • শুভাশিস সৈয়দ

    ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে ভিড় জমেছে বহরমপুরে। বহরমপুরে শহরের মুর্শিদাবাদ জেলা ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং দপ্তরে সোমবার সকাল থেকে লম্বা লাইন। সকলেই এসেছেন ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে। বহরমপুর ছাড়াও কান্দি, লালবাগ, জঙ্গিপুর ও ডোমকল মহকুমা শাসকের দপ্তরে লম্বা লাইন দিয়েছেন ভোটার তালিকা থেকে বাদ পড়া লোকজন।

    মুর্শিদাবাদ জেলায় নির্বাচনের প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে। সোমবারই প্রথম দফার জন্য ভোটার তালিকা ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। বিবেচনাধীন ৬০ লক্ষের নিষ্পত্তিও সারা। প্রায় ২৭ লক্ষ নাম বাদ গিয়েছে। শুধু মুর্শিদাবাদ জেলাতেই নাম বাদ পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের।

    এর আগে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে নাম বাদ পড়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের এবং বিচারাধীন ছিল ১১ লক্ষেরও বেশি। সেই তালিকা থেকে পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে বাদ পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন। ফলে সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম বাদ পড়েছে।

    মুর্শিদাবাদ জেলা ছাড়াও উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, পূর্ব বর্ধমান জেলায়। তবে সংখ্যার দিক থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। আন্ডার অ্যাজুডিকেশন বা বিচারাধীন তালিকায় সবচেয়ে বেশি নামও ছিল মুর্শিদাবাদ জেলাতেই।

    এখন এক সঙ্গে প্রায় সাড়ে চার লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় শোরগোল পড়ে গিয়েছে। আর ওই নাম বাদ যেতেই বৈধ কাগজপত্র নিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে সাধারণ মানুষ লাইন দিচ্ছেন।

    আসাদুল শাহ নামে এক ভোটারের কথায়, ‘আমার স্ত্রীরা পাঁচ বোন। সকলের নাম ভোটার তালিকায় আছে। অথচ আমার স্ত্রী রিনা বিবির নাম বাদ। বিবেচনাধীন থাকার সময়ে হিয়ারিংয়ে হাজির হয়ে সমস্ত নথি জমা দিয়েছিল। কিন্তু এখন দেখছি নাম নেই। তাই স্ত্রীর জন্য ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে এসেছি।’

    শাহনওয়াজ আহমেদের ভাই কুতুবুদ্দিন আহমেদের নাম ২০০২-এর ভোটার তালিকায় ছিল না। শাহনওয়াজের দাবি, সব নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁর ভাইয়ের নাম বাদ পড়েছে। এ রকম অনেকেই কাগজ নিয়ে আবারও লাইনে এসে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, নথি দেখানোর পরেও বাদ পড়েছে নাম।

  • Link to this news (এই সময়)