• বুলডোজ়ার নিয়ে মনোনয়নে বিজেপি প্রার্থী, আটকাল প্রশাসন, তার পর…
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • আইন-কানুন ভাঙলেই দাওয়াই বুলডোজ়ার। যোগীরাজ্যে যখন তখন বুলডোজ়ারের দাপট দেখতে অভ্যস্ত মানুষ। সে রাজ্যের সৌজন্যে ‘বুলডোজার রাজনীতি’ এখন খুবই পরিচিত শব্দ। আর সেই বুলডোজ়ার নীতির বার্তা দিতে, তাতে চেপে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন বিজেপি প্রার্থী। প্রস্তুতিও ছিল সবরকম। কিন্তু অভিনব সেই মিছিল শুরু হতে না হতেই প্রশাসনের বাধায় তা আটকে যায়। মঙ্গলবার এমনই ঘটনা ঘটল বর্ধমানের গলসিতে।

    গোরুর গাড়ি থেকে হুড খোলা বিদেশি গাড়ি, মনোনয়ন জমা দিতে প্রার্থীদের জমকালো র‌্যালি বার বার উঠে আসে শিরোনামে। এ বার মনোনয়ন জমা দিতে গলসির বিজেপি প্রার্থীর অভিনব পরিকল্পনা কাড়ল নজর। মঙ্গলবার গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু পাত্র বুলডোজ়ার করেই নমিনেশন দিতে যাবেন বলে ভেবেছিলেন। সময়মতো পৌঁছেও যায় বুলডোজ়ার। কিন্তু মিছিলের শুরু হতে না হতেই খবর কানে যায় প্রশাসনের। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন আধিকারিকরা।

    বর্ধমান স্টেশন চত্বর থেকে বুলডোজ়ারে করে নমিনেশন দাখিল করতে যাওয়ার কথা ছিল রাজুর। তিনি দাবি করেন, ‘বাংলার সাধারণ মানুষের উপর তৃণমূল যে অত্যাচার করছে, যে দাদাগিরি করছে এবং দমন পীড়ন চালাচ্ছে, তা থেকে মুক্তি দিতে পারে বিজেপির সুশাসন। এই সুশাসনের প্রতীক হচ্ছে বুলডোজ়ার।’ আরও এককদম এগিয়ে বিজেপির মণ্ডল প্রমুখের দাবি, ‘বাংলাজুড়ে অরাজকতা চলছে। দুষ্কৃতী ও গুন্ডাদের যে বাড়বাড়ন্ত হয়েছে, তা দমন করতে উত্তরপ্রদেশের মতোই বুলডোজ়ার দরকার। তাই এই বুলডোজ়ার।’ আর এই বার্তা দিতেই বুলডোজ়ারকেই প্রতীক হিসবে নিয়ে এসেছি। এই কনস্ট্রাকশন ভেহিকেল নিয়ে প্রচারের পরিকল্পনা বাতিল হয়ে যায় কমিশনের বাধায়।

    উত্তরপ্রদেশের কায়দায় বাংলাতেও যে বুলডোজ়ার নীতি আনতে চায় বিজেপি, তা আগেই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই সুরেই বিজেপি প্রার্থীর উদ্দেশে আক্রমণ শানান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তিনি বলেন,‘বিজেপি ভাঁওতার রাজনীতি করছে। উত্তরপ্রদেশে নারী নির্যাতন ও ধর্ষণের সংখ্যা সবথেকে বেশি। ধর্ষণের প্রমাণ লোপাটে হোটেলের অ্যাপার্টমেন্ট উড়িয়ে দেওয়া হয়, ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হয়। সুশাসন তো বাংলায় আছে। তাই বুলডোজ়ার নিয়ে এসে সুশাসনের বুলি আওড়ে লাভ নেই।’ সমস্ত বিষয়টি শুনে কটাক্ষ করেছেন সাংসদ জুন মালিয়াও। তিনি বলেন, ‘৪ মে মা-মাটি-মানুষ বুলডোজ়ার দিয়ে শুধু রাজু পাত্র নয়, বিজেপির খেলা শেষ করে পগারপার করে দেবে।’

  • Link to this news (এই সময়)