• ভোটের জন্য কবে থেকে রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান?‌
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। দুই পর্বে হবে এবারের বিধানসভা ভোট। ২৩ ও ২৯ এপ্রিল। 

    এদিকে, ভোটের দিন ও গণনার দিন রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান। রাজ্যজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। রাজ্য আবগারি দপ্তর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ ও ২৯ এপ্রিল যে যে জেলায় ভোট হবে সেখানে সমস্ত মদের দোকান, বার কিংবা পানশালা বন্ধ থাকবে। ৪ মে ভোটের ফলপ্রকাশের দিনও একই নিয়মে বন্ধ থাকবে মদের দোকান ও বার অর্থাৎ পানশালা। 

    নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিষয়ে কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত জায়গায় ভোট হবে, সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে।

    যেমন, ২৩ এপ্রিল উত্তরবঙ্গের একাধিক আসন–সহ ১৫২টি আসনে নির্বাচন হবে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত জেলায় সেদিন ভোট হবে সেখানে ২১ এপ্রিল সন্ধে ৬টা থেকে সমস্ত মদের দোকান, বার বন্ধ থাকবে। ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। একইভাবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল কলকাতা–সহ দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট হবে। সেই জায়গাগুলিতে ২৭ এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৯ এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান বার অর্থাৎ পানশালা। আবার আগামী ৪ মে ভোটের ফলপ্রকাশ। ওই দিন গোটা রাজ্যে সমস্ত মদের দোকান, বার অর্থাৎ পানশালা বন্ধ থাকবে। 

    এর বাইরে কোনও বুথে যদি পুননির্বাচনের দরকার পড়ে, তখন সেই জায়গাতেও সংশ্লিষ্ট দিন মদের দোকান বন্ধ থাকবে। 

     
  • Link to this news (আজকাল)