আজকাল ওয়েবডেস্ক: দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চন্দননগর সাব-ডিভিশনাল হাসপাতালের উদ্যোগে একটি জনসচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট সন্তু ঘোষ এবং দন্ত চিকিৎসক ডা. মঞ্জিরা ঘোষ। এদিন র্যালি বের করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে দাঁতের যত্ন সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট প্রিয়াঙ্কা পারেল, দেবলীনা চক্রবর্তী, হাসপাতালের অন্যান্য কর্মী এবং রোগীরা। সকলেই মিলিতভাবে দাঁতের যত্ন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেন।
ডা. মঞ্জিরা ঘোষ জানান, ২০ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চন্দননগর হাসপাতালে ‘ওরাল হেলথ ডে’ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চলছে, এবং এই অভিযান তারই একটি অংশ। তিনি বলেন, সুস্থ দাঁত মানেই সুস্থ শরীর, তাই বছরে অন্তত দু’বার দন্ত চিকিৎসকের কাছে দাঁত পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
ডা. মঞ্জিরা ঘোষ শিশুদের অতিরিক্ত মিষ্টি, বিশেষ করে চকলেট খাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে দাঁতে পচন ধরার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে তা পরিষ্কার করা জরুরি, তবে টুথপিক বা ধারালো বস্তু ব্যবহারে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, খৈনি ও গুটখা দাঁত ও মাড়ির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে মাড়ি নষ্ট হয়, মুখে ঘা হতে পারে এবং দীর্ঘদিন ব্যবহার করলে তা ক্যানসারের মতো মারাত্মক রোগের কারণও হতে পারে। তিনি সকলকে এসব নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান।
এই সচেতনতা অভিযানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা দিয়েছে - দাঁত সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে।