• পোলিং এজেন্ট নিয়ে বিভ্রান্তি দূর করল কমিশন
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারই জল্পনা ছড়ায় পোলিং এজেন্টদের বাইরে বসতে হতে পারে। বিষয়টি নিয়ে চারিদিকে বিভ্রান্তি ছড়াতে শুরু হয়। এরপরই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের বুথের বাইরে বসা নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নেয়নি। এই সংক্রান্ত কোনও গাইডলাইন প্রকাশ করা হয়নি। আগের নিয়মই বহাল থাকছে। ফলে এবিষয়ে কোনও বিভ্রান্তি নেই।

    বাংলার নির্বাচনের ইতিহাসে দেখা যায়  পোলিং এজেন্টরা বুথের ভিতরেই বসেন। এই এজেন্টরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বিধানসভা আসনে লড়াই করা রাজনৈতিক দলগুলি পোলিং এজেন্ট নিয়োগ করে। নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে প্রার্থীর একটি করে এজেন্ট থাকতে পারেন।

     কমিশনের সঙ্গে এই এজেন্টদের সরাসরি কোনও যোগাযোগ নেই। প্রতিটি দলের এজেন্টদের কাছে বুথের ভোটার তালিকা থাকে। সেই তালিকার সঙ্গে ভোটারদের মিলিয়ে দেখেন। প্রিসাইডিং অফিসারদের কাজেও সাহায্য করেন এজেন্টরা। এই কাজ তাঁরা মূলত বুথের ভিতরেই বসে করেন।ছাব্বিশের নির্বাচন স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কমিশন। ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট হচ্ছে। প্রশাসনের শীর্ষস্তর থেকে নিম্নস্তরের আধিকারিকদের বদলি করা হয়েছে।

    পুলিশ অফিসারদেরও সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে বির্তক কম হয়নি। দায়ের করা হয় মামলাও। জল গড়ায় হাই কোর্টেও। এবার পোলিং এজেন্ট নিয়ে জল্পনা ছড়াতেই, অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। তারা এবার স্পষ্টভাবে জানিয়ে দিল এবিষয়ে নতুন করে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। ফলে আগের মতো পোলিং এজেন্টরা যেভাবে বুথের ভিতরে বসতেন তেমনভাবেই বসতে পারবেন।  

     
  • Link to this news (আজকাল)