• সোমা 'বহিরাগত'! নির্দল হিসেবে মনোনয়ন বিজেপি নেতার
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম ঘোষণার পর থেকেই বাগদার বিজেপি নেতা-কর্মীরা তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি একাংশ বিজেপি নেতা-কর্মীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মিছিল এবং পথসভাও করেছিলেন। প্রসঙ্গত, সোমা ঠাকুর বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। 

    কিন্তু তাঁদের দাবিমতো প্রার্থীবদল না হওয়ায় শেষপর্যন্ত মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে এসে সদলবলে মনোনয়নপত্র জমা দিলেন বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বর৷ তিনি নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷

    মনোনয়নপত্র জমা দিয়ে দুলাল বর বলেন, বিজেপি এবং তৃণমূল উভয়ই বাগদার মানুষকে বঞ্চিত করেছে। তারা বাগদায় বহিরাগত প্রার্থী এবারও দাঁড় করিয়েছে৷ তাই আমি এবার নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছি ৷ যদি মানুষ আশীর্বাদ করে তাহলে নির্দল বিধায়ক হিসেবেই কাজ করে যাব ৷

     দুলাল বরের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, তিনি অন্য দল থেকে বিজেপিতে এসেছিলেন। বিজেপির সংস্কৃতি এখনও রপ্ত করতে পারেননি। দুলালবাবু ভোটে দাঁড়ালে বিজেপির কোনও ক্ষতি হবে না।

    এ বিষয়ে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর বলেন, এটা বিজেপির বিষয়। বিজেপিকে নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা জিতছি।

    মনোনয়নপত্র জমা দিতে এদিন দুলাল বরের সঙ্গে বেশ কিছু অনুগামী সমর্থকরা এসেছিলেন৷ তাঁরা বলেন, শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন স্থানীয় কাউকে প্রার্থী করা হবে। কিন্তু তিনি নিজের স্ত্রীকে প্রার্থী করে দিয়েছেন। আমরা স্থানীয় প্রার্থীর দাবি করেছিলাম। কিন্তু বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আন্দোলন| 

    প্রসঙ্গত যেদিন প্রার্থী তালিকা ঘোষিত হয় সেদিন বিকেলেই স্থানীয় হেলেঞ্চা বাজারে প্রচার শুরু করেন সোমাদেবী৷ সেখানে তিনি এক বিজেপি কর্মীর ক্ষোভের মুখেও পড়েছিলেন ৷

    এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, প্রার্থী হওয়ার দাবিদার অনেকেই ছিলেন৷ দলের সিদ্ধান্তই শেষ কথা ৷ ক্ষোভ বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আলোচনা করলেই মিটে যাবে৷
  • Link to this news (আজকাল)