• ভোটের প্রচার করবে লক্ষ্মীপেঁচা, উদ্যোগ পূর্ব বর্ধমান জেলায়
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • ভোটের প্রচার করবে লক্ষ্মীপেঁচা। এর নাম দেওয়া হয়েছে ‘ভোট্টু’। এই পেঁচা অবশ্য কাঠের তৈরি। এই পেঁচাকেই ভোটের ম্যাসকট করেছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা প্রশাসন। মঙ্গলবার এই ভোটের ম্যাসকট (election mascot) উদ্বোধন করে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন।

    পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার পূর্বস্থলীর নতুনগ্রামের কাঠের শিল্পের খ্যাতি রাজ্য জুড়েই। সেই এলাকার কাঠের কাজকেই ভোটের ম্যাসকট হিসেবে তুলে ধরেছে জেলা প্রশাসন।

    মঙ্গলবার বর্ধমানের (Burdwan) বিডিএ হলে সাংবাদিক বৈঠকে জেলাশাসক শ্বেতা আগরওয়াল ও জেলা পুলিশ সুপার সায়ক দাস ‘ভোট্টু’ ম্যাসকটের একটি লোগো সম্বলিত ব্যাচেরও উদ্বোধন করেন।

    কাঠের এই পেঁচার (Owl) দু’পাশে রয়েছে ধানের শিস, ঘাস।  রাস্তায় বেরিয়ে ‘ভোট্টু’ ভোট দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানাবে।

    কেন এই ভাবনা তা জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, পূর্ব বর্ধমান কৃষি প্রধান জেলা। তাই কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখেই ম্যাসকট খোঁজার চেষ্টা করছিলেন তাঁরা। তখনই লক্ষ্মীপেঁচার কথা মাথায় আসে। প্রশাসনের দাবি, লক্ষ্মীপেঁচা এখন লুপ্তপ্রায়। এই ম্যাসকট ভোটদানে আগ্রহ বাড়ানোর পাশাপাশি পেঁচা নিয়েও নতুন প্রজন্মকে উৎসাহী করবে।

    জেলাশাসক জানিয়েছেন, এ বারের ভোটে ‘নো ভায়োলেন্স, নো ছাপ্পা, নো ইণ্টিমিডিশন, নো সোর্স জ্যামিং, নো ইনডিউসমেণ্ট এবং নো বুথ জ্যামিং’-কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, এই ভোটকে সামনে রেখে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন ব্লকে ব্লকে আয়োজিত করা হয়েছে ক্যুইজ প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ, পথ নাটিকা, আল্পনা, ইণ্ডোর স্পোর্টস, মহিলা ভোটারদের নিয়ে পদযাত্রা, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নিয়ে কর্মশালা, আঁকা প্রতিযোগিতা প্রভৃতি।

    আধিকারিকরা জানিয়েছেন, অবাধ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচন (assembly election) করতে সব ধরনের পদক্ষেপ করছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)